বাঙালির অন্যতম প্রিয় ঘরোয়া পদ হল শুক্তো।আর এই গরমকালে তো এটি একটি নিত্য পদ।তাই আজকে আমার এই পদটি কি করে বানাতে হয় তা শিখব।
উপকরণ :
করলা: ১টি (সরু করে কাটা)
বেগুন: ১ কাপ (ডুমো করে কাটা)
কুমড়ো: ১ কাপ (ডুমো করে কাটা)
রাঙা আলু: ১টি (ডুমো করে কাটা)
সজনে ডাঁটা: ৬টি
ঝিঙে: ১/২ কাপ
কাঁচকলা: ১/২ কাপ
পেঁপে: ১/২ কাপ
পোস্ত বাটা: ১ টেবল চামচ
সরষে বাটা: ১/২ টেবল চামচ
আদা বাটা: ১ টেবল চামচ
দুধ: ১/২ কাপ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
জিরে গুঁড়ো: ১ চা চামচ
রাঁধুনি: ১ চা চামচ
শুকনো লঙ্কা: ২টি
তেজপাতা: ২টি
সরষের তেল: ২ টেবল চামচ
ঘি: ১ টেবল চামচ
বড়ি: ১০-১২টি
চিনি: ১ টেবল চামচ
লবন: স্বাদমতো
পদ্ধতি:
কড়াইতে তেল দিন। তেল গরম হলে তাতে বড়িগুলো দিয়ে দিন। বড়ি বাদামি হয়ে গেলে ভাজা বড়িগুলো আলাদা পাত্রে তুলে রেখে দিন। এবার তেলে করলাগুলো দিয়ে দিন। করলা ভাজা হয়ে গেলে আলাদা পাত্রে সরিয়ে রেখে দিন। এবার কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা ও রাঁধুনি ফোড়ন দিয়ে দিন। গন্ধ বার হলে বাকি সবজিগুলো দিয়ে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে হলুদ ও লবন দিয়ে মিনিট খানেক কষুন। কষা হয়ে গেলে তাতে পোস্ত বাটা ও সরষে বাটা দিয়ে দিন। খানিকক্ষণ কষানোর পর জিরেগুঁড়ো ও চিনি ছড়িয়ে দিন। এবার সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিন। সবজি সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা বড়ি, করলা দিয়ে দিন। এরপর আদা বাটা দিয়ে দিন। খানিকক্ষণ কষানোর পর দুধ দিয়ে নাড়তে থাকুন। তারপর উপরে ঘি ছড়িয়ে চাপা দিয়ে দিন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment