উত্তর ২৪ পরগনা: নির্মাণের কিছুদিনের মধ্যেই সেতুতে ফাটল। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা ও ব্রিজ তৈরির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। ঘটনা উত্তর ২৪ পরগনার।
জানা গিয়েছে, গোপালনগর থানার পাল্লা গ্রাম পঞ্চায়েতের তাল খোলা গ্রামে চৈতি নদীর উপর গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের উদ্যোগে একটি ব্রীজ এবং বেলদা থেকে রাজাপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা সম্প্রতি তৈরি হয়েছে।
তালখোলা গ্রামবাসীরা জানান, দিন পনেরো আগে গ্রামের একমাত্র সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে রাস্তা ও ব্রিজ। সেতুটির দুপাশে ফাটল ধরেছে৷ উচ্চতা অনেক কম। দুপাশের রাস্তা বসে গিয়েছে।
সেই নিয়েই সোমবার পোস্টার ব্যানার হাতে বিক্ষোভ দেখান গোপালনগর থানার পাল্লা পঞ্চায়েতের তালখোলা গ্রামের বাসিন্দারা। গ্রাম পঞ্চায়েত প্রধান নিশিত বালা জানিয়েছেন, যদি কোনও রকম দুর্নীতি এখানে হয়ে থাকে, তাহলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

No comments:
Post a Comment