শিলিগুড়ি: আচার্য্য বিতর্কে মুখ খুললেন খোদ রাজ্যপাল জগদীপ ধনখড়। তদন্ত কমিটি গঠন করে পদক্ষেপ করার কথা জানালেন রাজ্যপাল। উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে আসেন তিনি। সেখান থেকেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
তার আগে এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। আচার্য থেকে এসএসসি নিয়োগ সব বিষয়ে রাজ্য সরকারকে এক হাত নেন। রাজ্যপাল বলেন, "রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি চিন্তাজনক ও উদ্বেগের। আমি খুবই চিন্তিত। ২৫ জন উপাচার্য নিয়মবহির্ভূতভাবে নিয়োগ করা হয়েছে। আচার্যের কোনও অনুমতি নেওয়া হয়নি। আর নিকৃষ্ট প্রতিভাকে পৃষ্ঠপোষকতা, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতির মাধ্যমে তুলে আনা হচ্ছে, বলেও মন্তব্য করেন তিনি।
পাশাপাশি রাজ্যপাল বলেন, 'কে আচার্য হবে বা রাজ্যপালের ক্ষমতা হ্রাস করা হবে, তা নিয়ে আমি তখনই বলতে পারব, যখন আমার সামনে সেই বিষয়ে কোনও নথি আসবে। ২০২১ সালের ডিসেম্বরেও একই বিষয় উত্থাপিত হয়েছিল। এগুলো সম্পূর্ণ নিয়োগ ব্যবস্থায় দুর্নীতির বিষয় থেকে বিভ্রান্ত করার একটা কৌশল মাত্র।'
রাজ্যপাল ধনখড় বলেন, 'এই দুর্নীতি হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট করেছে। এই দুর্নীতি সমস্ত দুর্নীতিকে ছাপিয়ে গিয়েছে। প্রতিটা দিন দুর্নীতির বেলুন বেড়েই চলেছে।'

No comments:
Post a Comment