'কোনও মেয়ে শিশুর হাত ধরে 'তোমার হাত সুন্দর' বলাকে যৌন হয়রানি হিসেবে শ্রেণীবদ্ধ করা যায় না। এটি POCSO আইনের অধীনে যৌন হয়রানির বিভাগে আসে না।' যৌন হয়রানি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানির সময় মেঘালয় হাইকোর্ট রায় দিতে গিয়ে এই মন্তব্য করে। এছাড়া, আদালত আরও বলেছে যে, ৫৫ বছর বয়সী অভিযুক্তের বিরুদ্ধে মামলাটি বন্ধ করা উচিৎ। কেননা এই মামলার শুনানি হলেও এর কোনও ফল বেরোবে না।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, ৯ বছর বয়সী একটি মেয়ের তরফে অভিযোগ করা হয়েছিল যে, ৫৫ বছর বয়সী লোকটি তার কাছে জল চেয়েছিল পান করার জন্য। সেইসময় মেয়েটি বৃদ্ধকে এক গ্লাস জল পান করতে দিলে লোকটি মেয়েটির হাত ধরে বলে, 'তোমার হাত খুব সুন্দর।' মামলাটি শুনানির জন্য আদালতে তোলা হয়, যার পরিপ্রেক্ষিতে আদালতের তরফে মন্তব্য করা হয়, 'ছোট মেয়ের হাতের প্রশংসা করা কোনও ভাবেই আইনত অপরাধ হতে পারে না।'
এই মামলায় মেঘালয় হাইকোর্ট তাঁর পর্যবেক্ষণে বলেছে যে, এই ঘটনাটি যেখানে ঘটেছে, সেটি একটি সর্বজনীন স্থান। এ সময় আশপাশে অনেকেই উপস্থিত ছিলেন। সেইসঙ্গেই মেয়েটি বাড়ির কাছাকাছি ছিল এবং ঘটনাও ঘটেছে দিনের বেলায়। অভিযুক্তের সঙ্গে যোগাযোগ ছিল মাত্র কয়েক সেকেন্ডের। এই ধরনের যোগাযোগ যৌন অভিপ্রায় হিসাবে বিবেচনা করা যাবে না।
পাশাপাশি এই মামলায় অভিযুক্ত নিজেই স্বীকার করেছেন, 'মেয়েটির হাত ধরে প্রশংসা করেছিলেন তিনি, যা প্রমাণ করে অভিযুক্ত শ্লীলতাহানির উদ্দেশ্যে এ কাজ করেননি। এমন পরিস্থিতিতে, এই ঘটনাটিকে POCSO আইনের অধীনে যৌন হয়রানি সম্পর্কিত অপরাধ হিসাবে বিবেচনা করা যায় না।'

No comments:
Post a Comment