আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রীর জেলা সফরের তোর-জোড়ের মধ্যেই উদ্ধার চারটি দেশি পিস্তল। গ্রেফতার এক বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রেতা। ধৃতের নাম দীপক ঝাঁ। উল্লেখ্য আগামী মাসেই জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ জুন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করবেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে আলিপুরদুয়ার শহর সংলগ্ন বীরপাড়া চৌপথি এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে দীপক ঝা নামের ওই যুবককে অটো থেকে পাকড়াও করে পুলিশ। এরপর যুবকের ব্যাগে তল্লাশি চালাতেই চারটি দেশি পিস্তল উদ্ধার হয়।
পুলিশ তদন্তে জানতে পেরেছে যে, ধৃত যুবক বিহার থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য নিয়ে এসেছিল। ধৃতের বাড়ি আলিপুরদুয়ারের শামুকতলা এলাকায়। সোমবার ওই অভিযুক্তকে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে রিমান্ডে নেবে পুলিশ। জেলার পুলিশ সুপারের দফতরে এক সাংবাদিক সম্মেলনে এই গোটা ঘটনা জানান আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অম্লান ঘোষ।

No comments:
Post a Comment