সেরে উঠলেন দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম ব্যক্তি। ৩০ জুলাই অর্থাৎ আজই তাঁকে সরকারি মেডিক্যাল কলেজ থেকে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য, কেরালার কোল্লামের বাসিন্দা ৩৫ বছর বয়সী ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সংযুক্ত আরব আমিরাত থেকে আসার পর রোগীর মাঙ্কিপক্সে আক্রান্তের রিপোর্ট পজিটিভ আসে। তিনি ১২ জুলাই ত্রিবান্দ্রম বিমানবন্দরে পৌঁছেছিলেন এবং ১৪ জুলাই মাঙ্কিপক্সের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে বর্তমানে তিনি ভাইরাস মুক্ত হয়েছেন।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেন, "সমস্ত নমুনা দু'বার নেগেটিভ এসেছে। রোগী শারীরিক ও মানসিকভাবে সুস্থ। ত্বকের দাগ পুরোপুরি সেরে গেছে। তাকে আজই ছেড়ে দেওয়া হবে।" পাশাপাশি, অন্য দুই আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্যের অবস্থাও সন্তোষজনক রয়েছে।
তিন জন মাঙ্কিপক্সে আক্রান্তের খবর সামনে আসতেই কেরালা সরকার প্রতিরোধ ও নজরদারি ব্যবস্থা জোরদার করেছে।
প্রসঙ্গত, ডাব্লুএইচও-এর মতে, মাঙ্কিপক্স হল একটি ভাইরাল জুনোসিস (প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামিত একটি ভাইরাস), যার লক্ষণগুলি অতীতে গুটিবসন্ত রোগীদের মধ্যে দেখা যায়, যদিও এটি চিকিত্সাগতভাবে কম গুরুতর। ১৯৮০ সালে গুটিবসন্ত নির্মূল এবং পরবর্তীতে গুটিবসন্তের টিকা বন্ধ করার সাথে সাথে, মাঙ্কিপক্স জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থোপক্স ভাইরাস হিসাবে আবির্ভূত হয়েছে।

No comments:
Post a Comment