গভীর রাতে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের। স্থানীয়দের দাবী সোমবার গভীর রাতে শব্দ শুনতে পান। মঙ্গলবার সকালে এলাকা থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। জলে ডুবিয়ে সেগুলো নিস্ক্রিয় করা হয়েছে। তবে এভাবে বোমা উদ্ধারের ঘটনায় যথেষ্ট আতঙ্কে এলাকাবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে নরেন্দ্রপুর থানা এলাকায় গড়িয়া স্টেশনের কাছে নবপল্লীতে বোমা ফাটার শব্দ শুনতে পান তারা। যদিও সেইসময় তারা বিষয়টি সেভাবে গুরুত্ব দেননি, তাদের ধারণা ছিল বিশ্বকাপে ব্রাজিল-পর্তুগাল-এর ম্যাচ থাকায় কেউ হয়তো বাজি ফাটিয়েছে। কিন্তু এদিন সকালে তাজা ৩ টি বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এটা যে দুষ্কৃতীদেরই কাণ্ড, সেকথাই মনে করছেন এলাকাবাসীরা। এরপর তড়িঘড়ি পুলিশে খবর দিলে, তারা এসে বোমাগুলো উদ্ধার করে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, সোমবার রাতে বিকট শব্দে ঘুম ভেঙে গিয়েছিল। প্রথমে ভেবেছিলেন কেউ বাজি পুড়িয়েছে, তবে শব্দের তীব্রতা বেশি থাকায় সন্দেহ হয় এবং সকালে দেখেন রাস্তায় বোমা পড়ে রয়েছে।
অভিযোগ, দুর্গা পূজার সময়েও দুষ্কৃতী দৌরাত্ম্য দেখা যায়। একটু রাত হলেই বাড়ে বাইক বাহিনীর দাপট। এদিন সকালে আবার বোমা উদ্ধার। স্বাভাবিক ভাবেই এলাকায় যথেষ্ট আতঙ্কের পরিবেশ রয়েছে।

No comments:
Post a Comment