২০২০-২২ শিক্ষাবর্ষের ডিএলএড (DLED) কোর্সের চূড়ান্ত বর্ষের পরীক্ষার প্রথম দিনে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে শোরগোল। পরীক্ষার কিছু আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ। সোমবার পরীক্ষা ছিল। সরকার ও বোর্ডের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রাথমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল। তিনি কার্যত স্বীকার করেছেন যে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তবে এটি একটি বিশ্বাসঘাতকতা, বলেই দাবী করেন তিনি।
সোমবার দুপুর ১২টায় ডিএলএড কোর্সের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে দুপুর ২টা পর্যন্ত। পরীক্ষার প্রশ্নপত্র সোমবার সকাল ১০টা ৪৭ নাগাদ হোয়াটসঅ্যাপে ভাইরাল হতে শুরু করে। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের দেওয়া প্রশ্নপত্র এবং হোয়াটসঅ্যাপে প্রচারিত প্রশ্নপত্র একই বলে দাবী করা হয়েছে।
সোমবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল একটি প্রশ্নপত্রের ছবি। যার উপর লেখা ছিল DLED Part to Examination। প্রথমে প্রশ্নপত্রটি ডিএলএডের কিনা, তা নিয়ে সংশয় থাকলেও পরীক্ষার পর অনেক পরীক্ষার্থী দাবী করেন, ওই প্রশ্নপত্রের সঙ্গে ডিএলএডের প্রশ্নের শতভাগ মিল রয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর পরিষদের সভাপতি গৌতম পাল তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন ডেকে দাবী করেন, কিছু লোক প্রতারণা করেছে।
একদিকে যখন প্রাথমিক শিক্ষা বোর্ড ও গোটা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে দুর্নীতির প্রশ্ন উঠছে, তখন এই ঘটনায় স্বাভাবিকভাবেই বোর্ডের উদ্বেগ বেড়েছে। যদিও পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল দাবী করেছেন, পর্ষদের পাশাপাশি রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কেউ এই কাজ করেছে। তার মতে, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা যদি এ ধরনের বিশ্বাসঘাতকতা করে, তাহলে তাতে বোর্ডের কিছু করার নেই। তবে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন গৌতম পাল। পরীক্ষা শেষে তদন্ত কমিটি গঠন করবেন বলে জানান তিনি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বোর্ড ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, ডিএলএড কলেজগুলিও নিয়োগ দুর্নীতির মামলার তদন্তকারীদের নজরে এসেছে। ইডি দাবী করেছিল যে, প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশিপাড়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করার পরে, ডিএলএড কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি তাদের নজরে আসে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা দাবী করেছে যে, ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত তিনটি শিক্ষাবর্ষে, টেটের জন্য ডিএলএড প্রশিক্ষণ নিতে চেয়েছিলেন এমন ছাত্রদের কাছ থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করা হয়েছিল। ৬০০ কলেজে অফলাইনে ভর্তির জন্য টাকা নেওয়া হয়, বলে অভিযোগ।

No comments:
Post a Comment