করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে চীনে রাস্তায় নেমেছে বিপুল সংখ্যক মানুষ। এ কারণে শি জিনপিং সরকারকে এখন পিছু হটতে হয়েছে। জনগণের আন্দোলনের কারণে এই প্রথম চীন সরকারকে তাদের সিদ্ধান্ত বদলাতে হয়েছে। চীন সরকার বলছে যে, জিরো কোভিড নীতি বলবৎ থাকবে, তবে এখন তা শিথিল করা হবে। বেইজিং-এ অ্যাপার্টমেন্টের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করা হবে না। এর পাশাপাশি গুয়াংজুতেও গণ পরীক্ষার নিয়ম শিথিল করা হয়েছে। উইঘর-অধ্যুষিত প্রদেশ জিনজিয়াং-এ, যেসব এলাকায় কম করোনার প্রভাব আছে, সেসব এলাকা খোলা হয়েছে।
বেইজিং প্রশাসন বলেছে যে, তারা তার নিয়ন্ত্রণ নীতি শিথিল করবে, যার অধীনে অ্যাপার্টমেন্টগুলি অবরুদ্ধ করা হয়েছে যেখানে আরও আক্রান্ত পাওয়া গেছে। এখন গেট আটকানো হবে না এবং কারও প্রবেশে বাধা দেওয়া হবে না। চীনে সরকারের বিরুদ্ধে ক্ষোভ কয়েক মাস ধরে জ্বলছে, তবে জিনজিয়াং প্রদেশের উরুমকি এলাকায় অগ্নিকাণ্ডে ১০ জন মারা যাওয়ার পরে বিক্ষোভ প্রকাশ্যে ছড়িয়ে পড়ে। আন্দোলন শুরু হলে শহরে শহরে বিক্ষোভ দেখা দেয়। বেইজিং, সাংহাই, জিনজিয়াং, উহান সহ অনেক শহরের বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে।
এসব বিক্ষোভের কারণে সারা বিশ্বে চীনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ইউরোপ, এশিয়া ও আমেরিকার অনেক শহরে চীনা নাগরিকদের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হংকংয়ের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে চীন সরকারের আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে নামে কয়েক ডজন বিক্ষোভকারী।
এছাড়া তুরস্কেও চীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। টোকিওতেও একটি রেলস্টেশনে চীনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে প্রায় ১০০ জন। উল্লেখ্য, চীনের আন্দোলনকারী জনগণও আমরা কী চাই- স্বাধীনতা এবং শি জিনপিং সিংহাসন ছাড়ার মতো স্লোগান তুলেছিলেন। গত কয়েক মাসে চীনে ভয়াবহ বিক্ষোভ দেখা গেছে, যা সচরাচর দেখা যায় না।

No comments:
Post a Comment