সোনামণির জন্মদিনে নিজের হাতে তৈরি করে খাওয়ান মেওয়া পোলাও
সুমিতা সান্যাল, ৩০ মে: আপনার সোনামণির জন্মদিন। দোকান থেকে আনিয়ে বা রেস্তরাঁয় গিয়ে খাওয়া যেতেই পারে। কিন্তু তার চাইতেও ভালো হবে যদি ওইদিন আপনি নিজের হাতে রান্না করেন আপনার সোনামণির জন্য। একটি দুর্দান্ত রেসিপি বলতে চলেছি আজ। আপনি ট্রাই করে দেখতেই পারেন।
উপকরণ -
২ কাপ বাসমতি চাল,
৩ কাপ নারকেলের দুধ,
২ টেবিল চামচ ঘি,
২ টেবিল চামচ রিফাইন্ড তেল,
২ টেবিল চামচ কাজুবাদাম,
২ টেবিল চামচ লম্বা করে কাটা আমন্ড,
২ টেবিল চামচ কিশমিশ,
১ টেবিল চামচ পেস্তা,
১ চা চামচ মৌরি,
১ চামচ পেঁয়াজ পাতলা ও লম্বা করে কাটা,
২ টি ছোট এলাচ,
১ টি তেজপাতা,
৪ টি লবঙ্গ,
২ ইঞ্চি দারুচিনি,
১ চা চামচ আদা-রসুন বাটা,
২ টেবিল চামচ জুলিয়ান কাটা গাজর,
১\২ কাপ মটরশুঁটি,
১ টি কাঁচা লংকা,
১ টেবিল চামচ গোলাপ জল,
২ টেবিল চামচ ধনেপাতা কুচি,
১\২ কাপ ডালিমদানা ।
প্রণালী -
চাল ধুয়ে জলে ভিজিয়ে রেখে ৩০ মিনিট পর জল ঝরিয়ে নিন।
প্যানে অর্ধেক পরিমাণ ঘি, তেল ও অর্ধেক পেঁয়াজ দিয়ে সোনালি-বাদামী করে ভেজে প্লেটে তুলে নিন।
একই প্যানে কাজুবাদাম, কিশমিশ, পেস্তা, বাদাম দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
প্যানে বাকি ঘি-তেল দিয়ে লবঙ্গ, দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে ভেজে নিন।
এতে বাকি পেঁয়াজ, আদা, কাঁচা লংকা, মৌরি দিয়ে ভাজুন।
গাজর, মটরশুঁটি যোগ করুন এবং কম আঁচে ১ মিনিট ভাজুন।
চাল যোগ করে ২ মিনিট ভেজে নারকেলের দুধ যোগ করে কম আঁচে রান্না করুন।
সবশেষে স্বাদ অনুযায়ী লবণ যোগ করুন।
ভাত সেদ্ধ হয়ে গেলে তাতে ভাজা পেঁয়াজ, ভাজা শুকনো ফল, ধনেপাতা, গোলাপজল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন।
সুস্বাদু মেওয়া পোলাও প্রস্তুত। উপরে ডালিমদানা দিয়ে সাজিয়ে নিন।

No comments:
Post a Comment