তাপের ধুন্ধুমার ব্যাটিং! বৃষ্টি নিয়ে কী বলল হাওয়া অফিস?
নিজস্ব প্রতিবেদন, ৩০ মে, কলকাতা: দিন কয়েক ঝড়-বৃষ্টির ফলে গরমের দাপট কমেছিল অনেকটাই। কিন্তু মেঘ কাটতেই জোরদার ব্যাটিং শুরু গরমের। দক্ষিণবঙ্গে রবির তেজে নাজেহাল আট থেকে আশি। বৃষ্টির লক্ষণ তো নেই-ই, উল্টে চাঁদি ফাটা রোদ্দুর। তাপে তপ্ত দক্ষিণবঙ্গের মানুষজন। আগামী কয়েকদিনে পরিস্থিতি বদলের কোনও সম্ভাবনা নেই, এমনই খবর হাওয়া অফিস সূত্রে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আগামী পাঁচ দিনের বৃষ্টির কোন সম্ভাবনা নেই বরং তাপমাত্রার পারদ আরও বাড়তে পারে। শনিবার পর্যন্ত শহর জুড়ে থাকবে এই শুষ্ক পরিস্থিতি। পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে, তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়াতে বৃষ্টি হতে পারে। কিন্তু বৃষ্টি হলেই যে তাপমাত্রা কমবে, তার নয়, এমনই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এছাড়াও কোনও কোনও জেলায় তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্ৰির ঘর। আবহাওয়া দফতর জানায়, মঙ্গলবার দুপুরের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্ৰি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে বেশি এবং এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্ৰি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্ৰি বেশি। আগামী বুধ ও বৃহস্পতিবারের মধ্যে ৩৮ ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের মত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি।
তবে, দক্ষিণবঙ্গে পড়লে উত্তরবঙ্গে পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল ও বুধবার। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস, এবার সময়ই বর্ষার আগমন ঘটবে। স্বাভাবিক এবং স্বাভাবিকের থেকে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

No comments:
Post a Comment