বাঙালির অন্যতম প্রিয় খাবার শুক্তো
সুমিতা সান্যাল, ৩০ আগস্ট: শুক্তো যে কোনও বাঙালি বাড়ির একটি পছন্দের খাবার, তা সে ঘরোয়া খাবারের জন্যই হোক বা অনুষ্ঠানের জন্য। খেতে সুস্বাদু হওয়ার পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্যও উপকারী। আজ আমরা নিয়ে এসেছি তৈরির পদ্ধতি। দেখে নিয়ে তৈরি করে ফেলুন। দেখবেন আপনার বাড়ির আট থেকে আশি সবাই হাত চেটে খাবে।
উপকরণ -
আলু ২ টি,
উচ্ছে ২ টি,
পেঁপে ১\২ টুকরো,
গাজর ১ টি,
সজনে ডাঁটা ২ টি,
কাঁচকলা ১ টি,
বেগুন ১ টি,
বড়ি ১\২ কাপ,
পাঁচফোড়ন ১ চা চামচ,
হলুদ গুঁড়ো ১\২ চা চামচ,
রাঁধুনি ১ চা চামচ,
আদা বাটা ১ চা চামচ,
দুধ ১ কাপ,
তেজপাতা ১ টি,
গোটা জিরা ১ চা চামচ,
শুকনো লংকা ২ টি,
লবণ স্বাদ অনুযায়ী,
তেল প্রয়োজন মতো।
কিভাবে রান্না করবেন -
উচ্ছে, বেগুন, আলু, পেঁপে, গাজর, সজনে ডাঁটা, কাঁচকলা লম্বা ফালি করে কেটে নিন।
পাঁচফোড়ন ও গোটা জিরা শুকনো ভেজে গুঁড়ো করে নিন।রাঁধুনি বেটে নিন। তেল গরম করে বড়ি ভেজে নিন।
বড়ি ভাজা তেলেই উচ্ছে আর বেগুন লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভেজে তুলে রাখুন। ওই তেলেই পাঁচফোড়ন, শুকনো লংকা ও তেজপাতা ফোড়ন দিন।
সব সবজি, লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভেজে ঢাকা দিয়ে রান্না করুন। সবজি কিছুটা সেদ্ধ হলে রাঁধুনি বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে দুধ আর ১ কাপ জল দিয়ে ফুটিয়ে নিন। ঢাকা দিয়ে রান্না করুন যাতে সবকিছু সেদ্ধ হয়ে যায়।
সবজি ভালোভাবে সেদ্ধ হলে ভেজে রাখা বড়ি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে উপরে আগে তৈরি করা ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিন। শুক্তো তৈরি। দুপুরের খাবারে পরিবেশন করুন।

No comments:
Post a Comment