কর্মী সভা ঘিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! ক্ষোভ বিজেপি নেতার, খোঁচা শাসকের - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 August 2023

কর্মী সভা ঘিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! ক্ষোভ বিজেপি নেতার, খোঁচা শাসকের


কর্মী সভা ঘিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! ক্ষোভ বিজেপি নেতার, খোঁচা শাসকের 





নিজস্ব সংবাদদাতা, মালদা, ৩০ আগস্ট: এবার প্রকাশ্যে পদ্ম শিবিরের অভ্যন্তরীণ সংঘাত। কর্মী সভায় ডাক না পাওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। দ্বিধাবিভক্ত বিজেপি নেতৃত্ব। মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা। পাল্টা সাফাই অপরপক্ষের। লোকসভা নির্বাচনের আগে অস্বস্তিতে গেরুয়া শিবির। এদিকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই খোঁচা তৃণমূলের। তুঙ্গে রাজনৈতিক তরজা।


বুধবার উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত মণ্ডল ২-এর কর্মীসভা ছিল হরিশ্চন্দ্রপুর সংগঠন সমিতিতে। সেখানে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের সম্বর্ধনাও দেওয়া হয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। মণ্ডল সভাপতি অজয় পাশওয়ান সহ অন্যান্য মণ্ডল নেতৃত্বের উপস্থিতিতে হয় এই কর্মসূচি। তবে এই দিনের কর্মসূচিতে দেখা যায়নি হরিশ্চন্দ্রপুর এলাকায় ভারতীয় জনতা পার্টির দুই বর্ষীয়ান নেতা তথা অতি পরিচিত মুখ রূপেশ আগরওয়াল এবং কিষাণ কেডিয়াকে। আর তাদের অনুপস্থিতি ঘিরেই প্রকাশ্যে এসেছে গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনা। যদিও মণ্ডল সভাপতি অজয় পাশওয়ানের দাবী, তিনি সকলকেই আমন্ত্রণ জানিয়েছিলেন এই বৈঠকে আসার জন্য, যারা আসেন নি তারা কেন আসেন নি তিনি বলতে পারবেন না।


অন্যদিকে কিষান কেডিয়ার দাবী, দলীয় নেতৃত্ব তাকে এই বৈঠকের ব্যাপারে জানিয়ে ছিল। শারীরিক কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের কোনও প্রশ্ন নেই। তবে একদমই অন্য সুর শোনা গেছে রূপেশ আগরওয়ালের গলায়। মণ্ডল সভাপতি এবং মণ্ডল নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, এই বৈঠকের ব্যাপারে তাকে কেউ জানায় নি। এমনকি শুধু তিনি নন অনেক কর্মীরাই বৈঠকের ব্যাপারে জানেন না। সাথে এই বৈঠককে খাওয়া-দাওয়ার বৈঠক বলে কটাক্ষ করেছেন রূপেশ।


আর বর্ষীয়ান এই বিজেপি নেতার গলায় অভিমানের সুর শোনা যেতেই গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসে পড়েছে গেরুয়া শিবিরের, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। সাথে প্রশ্ন উঠেছে অভ্যন্তরীণ সংঘাতের কারণেই কি পঞ্চায়েতে ফলাফল খারাপ হল বিজেপির? কংগ্রেস সিপিআইএম জোটের সঙ্গে হাত মিলিয়ে হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতে বিজেপির উপ-প্রধান হলেও গত পঞ্চায়েতের তুলনায় হরিশ্চন্দ্রপুরে চারটি আসন কমেছে বিজেপির। যদিও এই তত্ত্ব মানতে নারাজ গেরুয়া নেতৃত্ব।

No comments:

Post a Comment

Post Top Ad