শিশুকন্যাকে ৪ লাখে বিক্রি! মা সহ গ্রেফতার ৬
নিজস্ব প্রতিবেদন, ০২ আগস্ট, কলকাতা : ২১ দিনের নবজাতক মেয়েকে ৪ লক্ষ টাকায় বিক্রি করার অভিযোগে মা সহ গ্রেফতার ছয়। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে আনন্দপুর থানার নোনাডাঙ্গা রেল কলোনিতে। ধৃত অভিযুক্তদের মধ্যে শিশুটির মায়ের নাম রূপালী মন্ডল। তার সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত কল্যাণী গুহ, রূপা দাস, লালতি দে, পূর্ণিমা কুন্ডু ও স্বপ্না সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। মহানগরীর তিলজলা হরিদেবপুর ছাড়াও অন্য অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ধৃত সমস্ত অভিযুক্তকে মঙ্গলবার আলিপুর আদালতে হাজির করার পর তাদের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রূপালী তার মেয়েকে চার মধ্যস্বত্বভোগীর মাধ্যমে কল্যাণী গুহের কাছে বিক্রি করে দেন। কয়েকদিন আগে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানার পুলিশ তদন্ত শুরু করে ছয়জনকে গ্রেফতার করে। শিশু পাচারের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির মায়ের এই কাজের কথা আনন্দপুর থানার পুলিশকে জানান প্রতিমা ভূঁইয়া নামে এক মহিলা। পুলিশ বলছে, প্রতিমা পুলিশকে জানায়, রূপালী মণ্ডল নামে এক মহিলা তার পাশের বাড়িতে থাকেন। ওই মহিলা তার ২১ দিনের শিশুকন্যাকে অন্য মহিলার কাছে ৪ লক্ষ টাকায় বিক্রি করেছেন। এই তথ্যের পরই পুলিশ তদন্ত শুরু করে। রুপালীকে জিজ্ঞাসাবাদ করলে সে তার মেয়েকে বিক্রি করার কথা স্বীকার করে। এরপর তার জবানবন্দির ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে এ অপরাধে জড়িত অন্য নারীদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত মহিলারা জানিয়েছেন, কল্যাণী গুহ নামে এক মহিলা, যিনি গত ১৫ বছর ধরে মা হতে পারেননি। নবজাতক মেয়ে কেনার কথা তিনি কয়েকজন নারীকে বলেছিলেন। রূপালী এ তথ্য পেয়েছেন। এর পর রূপালী তার মেয়েকে বিক্রি করতে রাজি হয়। এরপর কল্যাণী রূপালীর সাথে যোগাযোগ করে। এরপর মেয়েটিকে বিক্রির চুক্তি হয় ৪ লাখ টাকায়। এরপর সোমবার চার লাখ টাকায় রূপালীর মেয়েকে কিনে নেন কল্যাণী। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

No comments:
Post a Comment