নিয়োগের দাবীতে এমএলএ হোস্টেলের গেটে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, ধুন্ধুমার
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ০২ আগস্ট: নিয়োগের দাবীতে এবার কিড স্ট্রিটে বিধায়কদের হোস্টেলের সামনে বিক্ষোভ এসএলএসটি চাকরিপ্রার্থীদের। নিয়োগ নিয়ে বিধানসভায় বিধায়করা চুুপ কেন, প্রশ্ন তুলে এদিন বুধবার কিড স্ট্রিটে এমএলএ হোস্টেলের সামনে বিক্ষোভে বসেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। বিক্ষোভের জেরে বিধানসভায় যাওয়ার পথে আটকে পড়েন বিধায়করা।
'বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা হচ্ছে, অযোগ্য প্রার্থীদের নিয়েও আলোচনা হচ্ছে কিন্তু যোগ্য প্রার্থীদের নিয়ে বিধায়করা বিধানসভায় চুপ। আজই বিধানসভায় নিয়োগের কথা তুলতে হবে, এই দাবীতেই এমএলএ হোস্টেলের গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।
বিক্ষোভ তুলতে এলে পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু হয় চাকরিপ্রার্থীদের মহিলা চাকরিপ্রার্থীদের কার্যত চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ। মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে ৮৭১ দিনে পড়েছে নবম থেকে দ্বাদশ ২০১৬-র এসএলএসটি চাকরিপ্রার্থীদের ধর্না। বিধায়করা তাদের প্রতিশ্রুতি দিক, তাদের হয়ে নিয়োগের কথা বলবেন, এই দাবীতে বুধবার সকাল ১০ টা নাগাদ কিড স্ট্রিটে জমায়েত হতে শুরু করেন চাকরিপ্রার্থীরা।
তাঁদের এই অবরোধের জেরে সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে পড়ে এমএলএ হোস্টেলের গেট। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিক্ষোভকারীরা নিজেদের দাবীতে অনড়, তারা সেখান থেকে সরতে নারাজ। এই সময় পুলিশের তরফে তাদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। সেই সময় একজনকে বিধায়কদের হোস্টেলের গেটে মাথা ঠুকতেও দেখা যায়। এমনকি 'নিয়োগ চাই' বলে কেঁদেও ফেলেন চাকরিপ্রার্থীরা। রাস্তায় শুয়ে পড়েন তারা।
বিক্ষোভকারীদের টেনে-হিঁচড়ে পুলিশ প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করলে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, 'টানা হেঁচড়া করবেন না, এদের গণতান্ত্রিক অধিকার আছে। অনুরোধ করে তুলুন, এদের দাবী মিটিয়ে তুলুন।' সব মিলিয়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের জেরে এদিন ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এমএলএ হোস্টেলের গেটের সামনে।

No comments:
Post a Comment