পনির পরোটা দিয়ে করে নিতে পারেন ব্রেকফাস্ট
সুমিতা সান্যাল, ২৮ আগস্ট: জলখাবারে প্রতিদিনের একঘেয়ে খাবারের বদলে নতুন কিছু খেতে চাইলে পনির পরোটা আপনার জন্য একটি ভালো বিকল্প। এটি খেতে খুবই সুস্বাদু এবং তৈরি করাও খুবই সহজ। পরোটা যে কোনও সময় খাওয়া যায়, তবে দিনের শুরুতে গরম গরম পরোটা খাওয়ার মজাই আলাদা। আজ বলবো পনির পরোটা তৈরির পদ্ধতি। আপনার বাড়ির ছোট-বড়ো সবারই পছন্দ হবে এই খাবারটি ।
উপাদান -
ময়দা ২ কাপ,
সেদ্ধ আলু ২ টি,
পনির, গ্রেট করা ১ কাপ,
কাঁচা লংকা, কুচি করে কাটা ৩ টি,
আদা কুচি ১ চা চামচ,
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ,
লাল লংকার গুঁড়ো ১\২ চা চামচ,
গরম মশলা গুঁড়ো ১\২ চা চামচ,
জিরা গুঁড়ো ১ চা চামচ,
আমচুর গুঁড়ো ১ চা চামচ,
লবণ স্বাদ অনুযায়ী,
তেল প্রয়োজন মতো ।
পদ্ধতি -
একটি পাত্রে ময়দা নিন। এতে সামান্য লবণ ও জল যোগ করে মেখে নিন। খেয়াল রাখবেন ময়দা যেন নরম হয়। এবার ময়দায় কিছু তেল লাগিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে দিন।
অন্য একটি পাত্র নিয়ে তাতে গ্রেট করা পনির, আলু, ধনেপাতা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, কাঁচা লংকা, আমচুর গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পরোটার স্টাফিং প্রস্তুত।
এবার ময়দা নিয়ে আবার মেখে নিন। এর থেকে বল তৈরি করুন। একটি বল নিয়ে প্রথমে রুটির মতো করে বেলুন। এরপর মাঝখানে স্টাফিং রেখে চারদিক থেকে মুড়ে নিন। এবার হাল্কা করে চ্যাপ্টা করে বলে ময়দা লাগিয়ে হালকা হাতে বেলে নিন। খেয়াল রাখবেন, বেলার সময় পরোটা যেন ফেটে না যায়।
গ্যাসে মাঝারি আঁচে রেখে একটি প্যান গরম করে তাতে পরোটা দিয়ে ভাজুন। পরোটা একদিক থেকে ভালো করে ভাজা হয়ে গেলে তাতে তেল মাখিয়ে উল্টে দিন। অন্যদিকেও তেল মাখিয়ে পরোটা সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।
এইভাবে সব পরোটা তৈরি করে আচার, চাটনি, টমেটো সস বা দই দিয়ে খেতে পারেন।

No comments:
Post a Comment