'স্টপ মি ইফ ইউ ক্যান', ইডির তলবে যাচ্ছেন না অভিষেক - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 29 September 2023

'স্টপ মি ইফ ইউ ক্যান', ইডির তলবে যাচ্ছেন না অভিষেক

 


'স্টপ মি ইফ ইউ ক্যান', ইডির তলবে যাচ্ছেন না অভিষেক 



নিজস্ব প্রতিবেদন, ২৯ সেপ্টেম্বর, কলকাতা: ইডির ডাকে সাড়া নয়, আগামী ৩রা অক্টোবর সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (পূর্বের ট্যুইটার)-এ পোস্ট করে জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লীতে দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে ঘোষণা। অভিষেক লেখেন, 'পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার বিরুদ্ধে বকেয়া আদায়ের জন্য লড়াই বজায় থাকবে।'


সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিষেক আরও লেখেন, পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং এর ন্যায্য পাওনার দাবীতে অব্যাহত থাকবে লড়াই। পৃথিবীর কোনও শক্তি বাংলার মানুষ এবং তাদের মৌলিক অধিকারের জন্য লড়াইয়ের প্রতি আমার নিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ২রা ও ৩রা অক্টোবর বিক্ষোভে যোগ দিতে আমি দিল্লীতে থাকব।" তিনি আরও লেখেন, স্টপ মি ইফ ইউ ক্যান অর্থাৎ আমাকে থামাও, যদি পারো!"



উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে দশটায় সিজিও কমপ্লেক্সে অভিষেককে তলব করেছে ইডি, বলা হয়েছে নথি সাথে নিয়ে যেতে। বৃহস্পতিবার সমনের সেই চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তোপ দাগেন অভিষেক। সাংসদ লেখেন, "দিল্লীতে ৩ অক্টোবর বাংলার প্রাপ্য টাকার দাবীতে প্রতিবাদ আন্দোলন রয়েছে, আর তার আগে আজ আবারও আমাকে ডেকে সমন পাঠানো হল। এতে একটা বিষয়ে স্পষ্ট হয়ে যায় যে, কারা ঠিক উদ্বিগ্ন, ভীত এবং সন্ত্রস্ত।"


অভিষেক আরও লেখেন, 'চলতি মাসের শুরুতে কাকতালীয়ভাবে দিল্লীতে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠকের দিনেই আমাকে ডেকে পাঠানো হয়। সেই সমন অনুযায়ী বাধ্য নাগরিকের মত আমি হাজিরা দিই।'


প্রসঙ্গত, এর আগে আদালতের ভর্ৎসনার মুখে পড়ে ইডি। লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সম্পত্তির খতিয়ান ২৫ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে পেশের কথা ছিল। এরপরেই দিল্লীতে তৃণমূলের কর্মসূচির দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হল। ইডি সূত্রে দাবী, এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মা-কেও এবারে ডেকে পাঠানো হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে। এই তদন্তে তাঁদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

No comments:

Post a Comment

Post Top Ad