ইউপি-বিহারের জনপ্রিয় খাবার ডাল পিঠা
সুমিতা সান্যাল, ২৪ সেপ্টেম্বর: আমাদের দেশের প্রতিটি রাজ্যেরই আলাদা আলাদা এবং বিশেষ কিছু খাবার আছে, যেগুলো রাজ্যের সীমা ছাড়িয়ে সারা দেশেই জনপ্রিয় হয়ে উঠেছে। ইউপি-বিহারের ডাল পিঠা এমনই একটি জনপ্রিয় খাবার, যেটি তৈরির প্রক্রিয়া আজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য।
উপকরণ -
২ কাপ চাল,
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো,
১ টেবিল চামচ তেল,
স্বাদ অনুযায়ী লবণ ।
স্টাফিং-এর জন্য -
১ কাপ ছোলার ডাল,
১ চা চামচ গোটা জিরা,
১ চা চামচ আদা কুচি,
৪ টি কাঁচা লংকা, কুচি করে কাটা,
১\৪ কাপ ধনেপাতা কুচি,
১\২ চা চামচ হলুদ গুঁড়ো,
২ চা চামচ ভাজা জিরা,
১\২ চা চামচ আমচুর গুঁড়ো,
২ চা চামচ তেল,
স্বাদমতো লবণ ।
তৈরির প্রক্রিয়া -
চাল ২ ঘন্টা জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে গ্রাইন্ডারে মিহি গুঁড়ো করে নিন ।
ছোলার ডাল সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে পেস্ট তৈরি করে নিন ।
একটি প্যানে তেল গরম করুন। এতে ডাল, লবণ এবং সব মশলা দিয়ে অল্প আঁচে ভেজে তারপর ধনেপাতা যোগ করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। স্টাফিং তৈরি।
একটি প্যানে ১ কাপ জল দিয়ে তাতে লবণ ও তেল দিয়ে ফুটিয়ে নিন। এতে চালের গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ১০ মিনিট রান্না করুন। একটি গ্রিজ করা প্লেটে এই মিশ্রণটি বের করে ভাল করে মেখে নিন।
এই মিশ্রণটি থেকে বল তৈরি করে হাত দিয়ে চেপে ছোট বাটির মতো তৈরি করে তার মধ্যে ডালের স্টাফিং দিয়ে বন্ধ করুন।
এগুলিকে ছাঁচে রাখুন এবং ১০ মিনিটের জন্য ভাপে রান্না করুন। হয়ে গেলে একটি প্লেটে তুলে রাখুন এবং খাওয়ার সময় পরিবেশন করুন ।

No comments:
Post a Comment