যখন খুশি তৈরি করে খেতে পারেন মিষ্টি আলুর হালুয়া
সুমিতা সান্যাল, ২৬ সেপ্টেম্বর: হালুয়া খেতে কার না ভালো লাগে? সবাই বাড়িতে সুজি, আটা, গাজর ও মুগ ডালের হালুয়া তৈরি করে। কিন্তু মিষ্টি আলুর হালুয়া খেয়েছেন কি কখনও? এটি খেতে যেমন সুস্বাদু, তেমনই সহজে তৈরি করা যায় ও হজম হয়। সবচেয়ে ভালো দিক হলো চিনির পরিবর্তে এতে গুড় ব্যবহার করা হয়, যা সবার জন্য স্বাস্থ্যকর। এমনকি ডায়াবেটিস রোগীরাও এটি সুষম পরিমাণে খেতে পারেন। তাহলে চলুন আজকে মিষ্টি আলুর হালুয়া তৈরির রেসিপি জেনে নেই। একটু প্রস্তুতি নিয়ে যখন খুশি বানিয়ে নিতে পারেন।
উপাদান -
৬ টি মাঝারি থেকে বড়ো আকারের মিষ্টি আলু,
১ বাটি গুড়,
৪ চা চামচ ঘি,
৪ টি এলাচের গুঁড়ো,
১ চিমটি জাফরান,
১২ টি কাজু, কুচি করে কাটা বা গোটা,
১\২ কাপ আপনার পছন্দের অন্যান্য শুকনো ফল,
১ কাপ ক্রিম বা দুধ ।
কিভাবে বানাবেন -
মিষ্টি আলু সেদ্ধ করে নিন। একটু ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নিন।
একটি প্যান নিন এবং তাতে অল্প অল্প করে ঘি দিন। এতে কাজু ও জাফরান যোগ করুন। কিছুক্ষণ পর ম্যাশ করা মিষ্টি আলু দিন।
একটি অন্য পাত্রে জল গরম করে এলাচ গুঁড়ো ও গুড় দিয়ে সিরাপ তৈরি করতে থাকুন।
যখন মনে হবে মিষ্টি আলুর রং বদলে যাচ্ছে, তখন এতে ক্রিম বা দুধ দিন। এবার এতে গুড়ের সিরাপ ঢেলে দিন। সব একসাথে ভালো করে মিশিয়ে রান্না করুন।
সবকিছু সেদ্ধ হয়ে গেলে এবং হালুয়া তৈরি হয়ে গেলে শুকনো ফল যোগ করে ঢেকে দিন। কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment