দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন প্রবীণ অভিনেত্রী ওয়াহিদা রেহমান!
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৬ সেপ্টেম্বর : ভারতীয় সিনেমার সবচেয়ে বড় পুরস্কার 'দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড' পেতে চলেছেন হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ওয়াহিদা রেহমান। ওয়াহিদা রেহমান ৬০-৭০ দশকে সিনেমায় রাজত্ব করেছিলেন। তার উজ্জ্বল অভিনয়, নাচ-অভিনয় ও সৌন্দর্যের লক্ষ লক্ষ ভক্ত রয়েছে। ভক্তরা ওয়াহিদা রেহমান এবং দেব আনন্দের জুটি খুব পছন্দ করেছিলেন। 'সিআইডি' থেকে 'গাইড', দুজনে একসঙ্গে অনেক দারুণ ছবি করেছেন।
ট্যুইট করে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুরাগ ঠাকুর লিখেছেন, 'ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ওয়াহিদা রেহমান জিকে এই বছর মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হচ্ছে তা ঘোষণা করে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি।'
ওয়াহিদা রেহমান তেলেগু চলচ্চিত্র দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি চলচ্চিত্রে বেশি আইটেম নম্বর করতেন। একদিন গুরুদত্তের চোখ ওয়াহিদা রেহমানের ওপর পড়ে এবং তার ভাগ্য বদলে যায়। গুরুদত্তই ওয়াহিদা রেহমানকে হিন্দি ছবিতে নিয়ে আসেন। ওয়াহিদা রেহমান দেবানন্দের সাথে সিআইডি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং তারপরে পিয়াসা, কাগজ কে ফুল, গাইড, নীল কমল, তিসরি কসম, রং দে বাসন্তী এবং রাম অর শ্যামের মতো সুপারহিট ছবি করেন।
হিন্দি ছবি ছাড়াও ওয়াহিদা রেহমান তামিল, তেলেগু, মালায়লাম এবং বাংলা ছবিতেও কাজ করেছেন। ওয়াহিদা রেহমান জাতীয় পুরস্কার, দুইবার ফিল্মফেয়ার পুরস্কার, পদ্মশ্রী ও পদ্মবিভূষণের মতো পুরস্কারে ভূষিত হয়েছেন।

No comments:
Post a Comment