দুর্ঘটনার কবলে তৃণমূলের ৫ শ্রমিক নেতৃত্ব
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ১৩ অক্টোবর: বোনাস সংক্রান্ত মিটিং শেষ করে বাড়ির ফেরার পথে দুর্ঘটনার কবলে কালচিনি ব্লকের ডিমা চা বাগানের তৃণমূল চা বাগান শ্রমিক সংগঠনের পাঁচ নেতৃত্বরা। এই দুর্ঘটনায় পাঁচজনই গুরুতর ভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে। ঘটনার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, গতকাল (বৃহস্পতিবার ) ডিমা চা বাগানের বোনাস নিয়ে জলপাইগুড়িতে বৈঠক ছিল, সেই বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন কালচিনি ব্লকের ডিমা চা বাগানের তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব শিবরাম নায়েক, বীরবল কুজুর, রোশন কেরকেট্টা, জুরান্তি নায়েক ও ডাংগি নায়েক। মিটিং থেকে বাড়ির ফেরার পথে রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ মাদারিহাট এলাকার এশিয়ান হাইওয়েতে কোনও একটি বড় গাড়ি তাদের ছোটো গাড়িকে সাইড থেকে ধাক্কা মারে পালিয়ে যায়। এই ঘটনায় ছোটো গাড়িতে থাকা পাঁচজনই আহত হয়। ক্ষতিগ্ৰস্ত হয় তাদের গাড়িটিও।
আহতদের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ। আহতদের উদ্ধার করে মাদারিহাট হাসপাতাল নিয়ে যাওয়া হয়, যেখান থেকে পাঁচজনকেই আলিপুরদুয়ার জেলা হাসপাতাল রেফার করা হয়েছে। বর্তমানে তারা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তবে, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে একজনকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

No comments:
Post a Comment