সন্ধ্যার চা জমে যাবে যদি সাথে থাকে বাটাটা বড়া
সুমিতা সান্যাল, ২ অক্টোবর: সন্ধ্যায় চায়ের সাথে ক্রিস্পি ও ক্রাঞ্চি স্ন্যাক্স খেতে সবাই পছন্দ করে। আর প্রতিদিন নতুন নতুন স্ন্যাক্স হলে তো কোনও কথাই নেই। কিন্তু যিনি তৈরি করবেন তিনি পড়েন সমস্যায়। তাকে প্রতিদিন খুঁজে বেড়াতে হয় নতুন নতুন রেসিপি। আজ আমরা নিয়ে এসেছি একটি দুর্দান্ত স্বাদে ভরা স্ন্যাক্স তৈরির পদ্ধতি। এটি তৈরি করাও সহজ। আপনিও ট্রাই করে দেখুন একদিন, দেখবেন সবাই বারবার এটাই খেতে চাইবে।
উপকরণ -
৪ টি সেদ্ধ আলু,
১ কাপ বেসন,
৩ টি কাঁচা লংকা, কুচি করে কাটা,
১ চা চামচ আদা কুচি,
১\২ চা চামচ লাল লংকার গুঁড়ো,
১ চা চামচ চাট মশলা,
১\২ কাপ ধনেপাতা কুচি,
১ চা চামচ জোয়ান,
স্বাদ অনুযায়ী লবণ,
প্রয়োজন মতো তেল ।
তৈরির প্রক্রিয়া -
সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নিন। তারপর এতে কাঁচা লংকা, আদা, চাট মশলা, লাল লংকার গুঁড়ো, লবণ এবং ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেশান।
একটি পাত্রে বেসন, ১\২ চা চামচ লবণ, জোয়ান এবং লাল লংকার গুঁড়ো নিন। এতে সামান্য জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি ভালোভাবে বিট করুন এবং ১০ থেকে ১৫ মিনিটের জন্য রাখুন।
গ্যাসে একটি প্যানে তেল দিয়ে গরম হতে দিন ও আলুর মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করুন। আলুর বলগুলো অল্প অল্প করে ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে মাঝারি আঁচে ভাজুন যতক্ষণ না সেগুলি হালকা বাদামি হয়। একইভাবে সবগুলো ভেজে একটি প্লেটে তুলে নিন।
বাটাটা বড়া রেডি। পছন্দের সস বা চাটনির সাথে গরম গরম উপভোগ করুন পরিবারের সাথে।

No comments:
Post a Comment