পুজোতে উপবাসের পর খেতে পারেন আলু-মাখানা কড়ি
সুমিতা সান্যাল, ২ অক্টোবর: পুজোতে উপবাস আমরা অনেকেই করে থাকি। কিন্তু উপবাসের পরে সঠিক খাবার কখনোই খাই না। এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আপনিও যদি পুজোর সময় উপবাস করেন, তাহলে খেতে পারেন আলু-মাখানা কড়ি। এই খাবারটি উপবাসের পর খাওয়ার জন্য একটি স্বাস্থ্যকর খাবার। কিভাবে তৈরি করবেন দেখে নিন।
উপাদান -
১\২ কেজি দই,
২ টেবিল চামচ পানিফলের আটা,
১\২ কাপ ভেজানো চিনাবাদাম,
১ টি বড় সেদ্ধ আলু,
১ কাপ মাখানা,
১\২ টেবিল চামচ আদা বাটা,
১ টেবিল চামচ কাঁচা লংকা বাটা,
১\২ চা চামচ গোলমরিচ গুঁড়ো,
১\২ চা চামচ জিরা,
২ টেবিল চামচ ঘি,
স্বাদ অনুযায়ী লবণ,
গার্নিশ করার জন্য ধনেপাতা কুচি।
যেভাবে তৈরি করবেন -
একটি পাত্রে দই, পানিফলের আটা, লবণ এবং ২ কাপ জল নিয়ে ভালো করে ফেটিয়ে নিন এবং একপাশে রাখুন।
আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।
একটি প্যানে ১ চামচ ঘি গরম করে মাখানা দিয়ে কম আঁচে ৫ মিনিট ভাজুন এবং একপাশে রাখুন।
একই প্যানে বাকি ঘি দিন এবং জিরার ফোড়ন দিন। আদা ও কাঁচা লংকা বাটা দিয়ে হালকা সোনালি করে ভেজে আলু এবং চিনাবাদাম দিয়ে ১ টেবিল চামচ জল দিন এবং ঢেকে ৫ থেকে ৬ মিনিটের জন্য কম আঁচে রান্না করুন।
এবার দইয়ের মিশ্রণ, গোলমরিচের গুঁড়ো ও ভাজা মাখানা দিয়ে ভালো করে মেশান। তারপর ১ গ্লাস জল দিয়ে ঢেকে কম আঁচে ৫ থেকে ৮ মিনিট রান্না করুন।
কড়ি ঘন মনে হলে প্রয়োজন মতো আরও জল দিয়ে রান্না করুন। আপনি ইচ্ছে হলে এতে বাদাম ও পছন্দের মশলাও যোগ করতে পারেন।
গ্যাস বন্ধ করে উপরে ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন রাজগিরা বা কুট্টুর আটার পুরি বা সামা চালের ভাতের সঙ্গে।

No comments:
Post a Comment