শুরুর আগেই বন্ধের মুখে নতুন সিরিয়াল!
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২১ ডিসেম্বর: স্টার জলসায় একের পর এক নতুন সিরিয়াল আসছে। জি বাংলাকে টেক্কা দেওয়ার জন্য স্টার জলসা নতুন নতুন কনসেপ্ট নিয়ে সিরিয়ালের গল্প বানাচ্ছে। শাশুড়ি-বৌমার কলহ বাদ দিয়ে কখনো ভূত, কখনো কমেডি, রূপকথা কিংবা জন্মান্তর এইসবই হয়ে উঠছে গল্পের বিষয়বস্তু। তবে দুঃসংবাদ, স্টার জলসার এমনই একটি নতুন প্রেক্ষাপটের সিরিয়ালের শুটিং নাকি বন্ধ হয়ে গিয়েছে।
ডিসেম্বরের শুরুতেই স্টার জলসাতে চিনি নামের একটি সিরিয়ালের প্রোমো শেয়ার করা হয়েছিল। তাতে সোমরাজ মাইতি, ইন্দ্রানী ভট্টাচার্য, সোহাগ সেনের মত তারকাদের দেখা গিয়েছে। গল্পটি আসলে জন্মান্তরকে কেন্দ্র করে। সিরিয়ালের প্রোমো দর্শকদের বেশ পছন্দও হয়েছিল। নতুন বছরের শুরুতেই এই সিরিয়ালের সম্প্রচার হবে বলে শোনা গিয়েছিল।
নতুন সিরিয়ালের প্রোমো দেখেই তার সম্ভাব্য টাইম স্লট সম্পর্কে অনুমান করতে শুরু করে দিয়েছিলেন দর্শকরা। অনেকেরই ধারণা ছিল সন্ধ্যাতারাকে সরিয়ে সন্ধ্যে সাড়ে সাতটার স্লট দখল করবে চিনি। কারণ এই স্লটে প্রায় প্রত্যেক সপ্তাহেই টিআরপিতে জি বাংলার কাছে মার খাচ্ছে স্টার জলসা। তবে স্টুডিও পাড়া সুত্রে খবর, সন্ধ্যাতারার টিআরপি বাড়লে নতুন সিরিয়াল আসার সম্ভাবনা কম।
ইতিমধ্যেই ধারাবাহিকের গল্প নতুন মোড় নিয়েছে। তারা জীবনে নতুন নায়কের প্রবেশ ঘটলো। তারার নায়ক হিসেবে সিরিয়ালে পা রাখলেন শমীক চক্রবর্তী। যাকে ইচ্ছে পুতুল সিরিয়ালে জিষ্ণুর ভূমিকায় দেখা যাচ্ছে। এই চরিত্রটির জনপ্রিয়তার কথা আলাদা করে বলে দিতে হয় না। আর এসব কারণেই সিরিয়ালের টিআরপি বাড়ার সম্পূর্ণ সম্ভাবনা দেখা দিচ্ছে।
এদিকে সম্প্রচার যাতে দ্রুত শুরু করা যায়, তার জন্য চিনির শুটিং চলছিল জোর কদমে। কিন্তু আচমকাই ঘটে গেল ছন্দপতন। শুটিং শুরু হওয়ার ৬ দিনের মাথায় হঠাৎ করেই বন্ধ হয়েছে সব কাজ। এই ঘটনায় সিরিয়ালের অভিনেতা এবং অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কবে আবার শুটিং শুরু হবে এখন তা জানা যাচ্ছে না।
উল্লেখ্য, সম্প্রতি এক বিখ্যাত প্রোডাকশন হাউসের আর্থিক দুরবস্থার কারণে বেশ কিছু সিরিয়ালের শুটিং বন্ধ হতে বসেছিল। এরমধ্যে জি বাংলার মিলি, কালার্স বাংলার টুম্পা অটোওয়ালি, দ্বিতীয় বসন্তের নাম ছিল। প্রোডাকশন হাউজ কলাকুশলীদের বেতন থেকে শুরু করে নাকি শুটিং ফ্লোরের ভাড়াও মেটাতে পারছিল না, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সব সমস্যা মিটে গিয়ে আবার সিরিয়ালগুলোর কাজ শুরু হয়েছে। চিনির শুটিং কবে শুরু হয় সেটাই এখন দেখার।

No comments:
Post a Comment