তৈরি করে নিন মশলাদার তাওয়া পনির
সুমিতা সান্যাল,৪ মে: পনির দিয়ে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে হলে তৈরি করে নিতে পারেন মশলাদার তাওয়া পনির।দুর্দান্ত এই খাবারটি মন জয় করে নেবে আপনার পরিবারের ছোট থেকে বড়ো সকলের।কিভাবে তৈরি করবেন দেখুন।
উপাদান -
পনির ৩০০ গ্রাম,
ক্যাপসিকাম ২ টি,কুচি করে কাটা,
পেঁয়াজ ২ টি,কুচি করে কাটা,
টমেটো ৩ টি,গ্রেট করা,
আদা-রসুন বাটা ১ চা চামচ,
ঘন দই ১ বাটি,
জোয়ান ১\২ চা চামচ,
লাল লংকার গুঁড়ো ১\২ চা চামচ,
হলুদ গুঁড়ো ১\২ চা চামচ,
চাট মশলা ১\২ চা চামচ,
গরম মশলা গুঁড়ো ১\২ চা চামচ,
ধনে গুঁড়ো ১ চা চামচ,
জিরা গুঁড়ো ১ চা চামচ,
পাও ভাজি মশলা ২ চা চামচ,
রিফাইন্ড তেল ৪ টেবিল চামচ,
ধনেপাতা কুচি ১\২ কাপ,
লবণ স্বাদ অনুযায়ী।
তৈরির পদ্ধতি -
একটি বড় পাত্রে দই নিয়ে তাতে হলুদ গুঁড়ো,কাঁচা লংকা,গরম মশলা গুঁড়ো,ধনে গুঁড়ো,জিরা গুঁড়ো,চাট মশলা,জোয়ান, আদা-রসুন বাটা এবং লবণ দিয়ে ভালো করে মেশান।
পনির বড়ো টুকরো করে কেটে দইয়ের মিশ্রণের সাথে মিশিয়ে ভালোভাবে ম্যারিনেট করার জন্য আধা ঘণ্টা ঢেকে রেখে দিন। আধা ঘণ্টা পর তাওয়াতে ২ চামচ তেল দিয়ে গরম হতে দিন এবং ম্যারিনেট করা পনিরের টুকরোগুলো দইয়ের মিশ্রণে মুড়িয়ে প্যানে রাখুন।আঁচ কম রাখুন এবং পনির চারদিক থেকে ভালো করে রান্না করুন।সব পনির ভালোভাবে রান্না হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন।
একটি প্যান নিন এবং এতে বাকি তেল ঢেলে দিন।পেঁয়াজ যোগ করুন এবং উচ্চ আঁচে ৫-৭ মিনিটের জন্য রান্না করুন।মাঝে মাঝে পেঁয়াজ নাড়তে থাকুন যাতে পুড়ে না যায়।এবার ক্যাপসিকাম দিয়ে ৫ মিনিট ভাজুন।ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেলে টমেটো,হলুদ গুঁড়ো,লাল লংকার গুঁড়ো, লবণ ও পাওভাজি মশলা দিয়ে অল্প আঁচে ভাজুন।মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে গ্যাসের আঁচ কমিয়ে দিন।এই মশলায় ভাজা পনির দিয়ে মিশিয়ে নিন এবং নামিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম রুটির সাথে পরিবেশন করুন।

No comments:
Post a Comment