দেবনাথ মোদক, বাঁকুড়া, ২৪ অক্টোবর: 'আমার থেকেও বেশি ভোটে জিতবেন', প্রার্থীকে পাশে নিয়ে এই কথাই বললেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি এবার বাঁকুড়া কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। সেই কেন্দ্রেই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। মানুষ পাশে আছে। তৃণমূলের মিছিল, সভায় মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। তাঁর প্রাপ্ত ভোটের থেকেও বেশি ভোটে এবার ফাল্গুনী সিংহবাবু জিতবেন। এমনই দাবী অরূপ চক্রবর্তীর। অরূপের আরও দাবী, তৃণমূলের সব নেতা, কর্মী-সমর্থকরা এক যোগে কাজ করতে নেমেছেন। জয় নিশ্চিত।
'তৃণমূল কংগ্রেস ছয়টি আসনে জিতেই আছে। এখন মার্জিনটা কোথায় গিয়ে দাঁড়ায় ১৩ তারিখের পর বিকেলে বলে দেব', বৃহস্পতিবার, খাতড়া মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিতে এসে এমনই দাবী করলেন তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। তিনি বলেন, 'বিরোধীদের মাঠে ময়দানে দেখাই যায় না। কিন্তু নেতা, তৃণমূল কর্মীরা ২৪×৩৬৫ দিন মানুষের সঙ্গে, মানুষের পাশে থাকেন। ফলে জয় নিয়ে তিনি বিন্দুমাত্রও ভাবিত নন।'
ফাল্গুনী সিংহবাবু, এদিন অবশ্য বাম প্রার্থীকে নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। তবে বিজেপি প্রার্থীকে আক্রমণ করার সুযোগও হাতছাড়া করতে চাননি। তিনি বলেন, 'উনি নিজেকে যতই 'ভূমিকন্যা' বলে দাবী করুন। উনি কী কাজ করেছেন এই এলাকার জন্য, সেটা বলুন। তাহলেই বিষয়টি পরিষ্কার হবে।'
বৃহস্পতিবার প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক মিছিল করেন। হুডখোলা গাড়িতে চেপে খাতড়া মহকুমা শাসকের দফতরের সামনে পৌঁছান তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। পরে সেখান থেকে পায়ে হেঁটে মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এদিন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সঙ্গে ছিলেন দলের বাঁকুড়া জেলা সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, জেলা মহিলা সভানেত্রী বিশ্বরূপা (মৌ) সেনগুপ্ত, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ, মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ কর্মাধ্যক্ষ সুজাতা মন্ডল, তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়, ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খান, হিড়বাঁধ ব্লক সভাপতি ধীরেন্দ্রনাথ মাঝি সহ দলের অন্যান্য কর্মীরা।

No comments:
Post a Comment