সুমিতা সান্যাল,৫ অক্টোবর: সন্ধ্যায় চায়ের সাথে কিছু না কিছু খেতে সকলেই পছন্দ করে।আপনিও নিশ্চয়ই প্রতিদিন নতুন নতুন স্ন্যাক্স তৈরি করে তাক লাগিয়ে দিয়ে থাকেন।আজ একটি চমৎকার স্ন্যাক্স তৈরির প্রণালী নিয়ে এসেছি আপনার জন্য।তৈরির প্রক্রিয়া দেখে নিয়ে তৈরি করে ফেলুন।
উপকরণ -
৬ টি ব্রেড স্লাইস,
১\২ কাপ কুচি করে কাটা পেঁয়াজ,
১ ইঞ্চি আদা,কুচি করে কাটা,
২ টি কাঁচা লংকা,কুচি করে কাটা,
১\৪ কাপ ধনেপাতা কুচি,
১০ টি কারি পাতা,কুচি করে কাটা,
১\২ চা চামচ গোলমরিচ গুঁড়ো,
১\৪ চা চামচ জিরা,
১ চিমটি হিং,
১\২ চা চামচ হলুদ গুঁড়ো,
১\৪ কাপ তাজা দই,
৩ টেবিল চামচ চালের গুঁড়ো,
২ টেবিল চামচ সুজি,
স্বাদ অনুযায়ী লবণ,
ভাজার জন্য প্রয়োজন মতো তেল।
তৈরির প্রক্রিয়া -
ব্রেড স্লাইসগুলো ভেঙে গ্রাইন্ডার জারে রেখে ব্রেড ক্রাম্বসের মতো টেক্সচার পেতে পিষে নিন।একটি মিক্সিং বাটিতে ব্রেড ক্রাম্বস বের করে নিন।এতে পেঁয়াজ,আদা,কাঁচা লংকা, ধনেপাতা,কারি পাতা,গোলমরিচ গুঁড়ো,জিরা এবং হিং যোগ করুন।
এবার চালের গুঁড়ো,সুজি,তাজা দই এবং স্বাদ অনুযায়ী লবণ যোগ করুন।লবণ অল্প দেবেন,কারণ ব্রেড স্লাইসে লবণ থাকে।
এবার সব উপাদান খুব ভালো করে মিশিয়ে নিন।তারপর মসৃণ করে মাখা শুরু করুন।দই এবং পেঁয়াজের আর্দ্রতা মিশ্রণটি বাঁধতে সাহায্য করে বলে জল যোগ করার দরকার নেই।যদি নিতান্তই বাঁধতে সক্ষম না হন,তবে অল্প জল ছিটিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন।মিশ্রণটি থেকে ছোট বা মাঝারি আকারের বল তৈরি করুন এবং তারপরে সেগুলিকে হাত দিয়ে চ্যাপ্টা করে একপাশে রাখুন।
ভাজার জন্য একটি প্যানে তেল গরম করে চপগুলো দিয়ে সোনালি-বাদামী হওয়া পর্যন্ত ভাজুন।ব্রেড চপ তৈরি।চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন।

No comments:
Post a Comment