নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১১ অক্টোবর: পুজোর মধ্যেই মর্মান্তিক কাণ্ড, পথ দুর্ঘটনায় মৃত্যু হল শম্ভুনাথ পণ্ডিতের চিকিৎসকের স্ত্রী ও মেয়ের। গুরুতর আহত চিকিৎসক। বর্ধমানের শক্তিগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের চিকিৎসক ডাঃ কিশলয় বিকাশ নায়েক স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজস্ব চারচাকা গাড়িতে বর্ধমান পুলিশ লাইন এলাকায় আসছিলেন। শক্তিগড়ের কাছে দুর্গাপুরগামী লেনে হাইওয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শক্তিগড় থানার পুলিশ। আহতদের উদ্ধার করে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চালকের আসনে ছিলে ডাঃ নায়েক। ঘটনাস্থলে মৃত্যু হয় চল্লিশোর্ধ স্ত্রী রাজশ্রী নায়েকের। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ১৩ বছর বয়সী মেয়ে অদ্রিয়ালয়া নায়েকর। দুর্ঘটনায় গুরুতর আহত ডাঃ কিশলয় নায়েক-কে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা যায়, চিকিৎসক বুধবার রাতে ডিউটি শেষে এদিন সকালে মেয়ে ও স্ত্রীকে নিয়ে বর্ধমানে আসছিলেন। আরও জানা যায়, চিকিৎসক কিশলয় নায়েক কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে শিশু বিভাগের চিকিৎসক। তিনি উত্তর ২৪ পরগনার মানিকতলা থানা এলাকার বাসিন্দা। তবে তাঁর আদি বাড়ি পূর্ব বর্ধমান জেলার রায়না থানার মুগরো গ্রামে।

No comments:
Post a Comment