প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৫ ডিসেম্বর: গৌরীর পর নতুন রূপে মোহনা। জি-বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় জনপ্রিয়তা অর্জন করেছে অভিনেত্রী মোহনা মাইতি। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে সোজা পর্দার নায়িকা হয়ে উঠেছিলেন। তার প্রথম অভিনীত ধারাবাহিক একসময় টিআরপির তালিকায় এক থেকে দুইয়ের ঘরে ঘোরাফেরা করত।
জি-বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকের কথা মনে আছে? এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মোহনা মাইতি এবং অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। গৌরী আর ঈশানের জুটি দর্শকমহলে ভালো সাড়া ফেলে।
এই ধারাবাহিকের পর তাকে ‘কে প্রথম কাছে এসেছি’ সিরিয়ালে দেখা যায়। সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করেন। তবে দুর্ভাগ্যবশত এই ধারাবাহিক খুব বেশিদিন পর্দায় চলেনি। তবে শোনা যাচ্ছে আবার ফিরতে চলেছেন মোহনা।
জি বাংলার নিজস্ব প্রোডাকশানে একটি ধারাবাহিক আসতে চলেছে। আর এই ধারাবাহিকের জন্য অফার গেছে অভিনেত্রী মোহনা মাইতির কাছে। যদিও এই বিষয়ে তিনি অফিশিয়ালি এখনো কিছু জানাননি।
পর্দায় যারা গৌরী আর ঈশানকে মিস করছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। আবার পর্দায় ফিরছে এই জুটি । তবে নতুন কোনও সিরিয়ালে নয়, হিন্দি জি-টিভিতে এবার সম্প্রচার হবে বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকটি। যার নাম ‘দিল কেয়া কারে’।
সোম থেকে শনি দুপুর দেড়’টায় আবার দর্শক দেখতে পারবেন গৌরী-ঈশানকে। আর এই খবরে খুশি হয়েছেন ভক্তরা।

No comments:
Post a Comment