প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ২৫ ডিসেম্বর: কাজাখস্তানের আকতাউ শহরের কাছে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বুধবারের এই দুর্ঘটনায় ছয় যাত্রীর জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং কয়েক ডজন লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাজাখস্তান সরকার জানিয়েছে, আকতাউ বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের। বিমানটি রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল। গ্রোজনিতে ঘন কুয়াশার কারণে বিমানটিকে ডাইভার্ট করতে বলা হয়েছিল।
কাজাখস্তানের সরকার বিবৃতিতে বলেছে, "বিমানের কাছে পৌঁছানোয় দেখা যায় এটিতে আগুন লেগে গিয়েছে। উদ্ধারকারীরা আগুন নেভাতে শুরু করেছে। হতাহতের বিষয়ে বিস্তারিত এখনও নিশ্চিত করা হচ্ছে, তবে প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে যে, কিছু মানুষ জীবিত আছেন।"
বিমানটিতে ৬৭ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন। বিমান দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় কিছু হাড়হিম ছবি উঠে এসেছে। এগুলোর মধ্যে, বিমানটিকে বিধ্বস্ত হতে এবং মাটিতে পড়ে আগুনের গোলাতে পরিণত হতে দেখা যায়। বিমানের ভাঙা অংশের কাছে জরুরি উদ্ধারকর্মীদের দেখা গেছে। তাঁরা জীবিতদের উদ্ধারের চেষ্টা করেছিলেন।
এই দুর্ঘটনার বিষয়ে আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে, কিছু প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, ছয় যাত্রী দুর্ঘটনায় বেঁচে গেছেন। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, এর আগে ব্রাজিলে আরেকটি বিমান দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। প্লেনটি গ্রামাডো শহরের একটি মোবাইল ফোনের দোকানে পড়ে। এতে ১০ জন যাত্রী ও ক্রু সদস্য নিহত হন। এই দুর্ঘটনায় ১২ জনেরও বেশি লোক আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।



No comments:
Post a Comment