সুমিতা সান্যাল,২৭ ডিসেম্বর: টোস্ট খেতে অতীব সুস্বাদু এবং সবাই এটি খেতে পছন্দ করে।অনেক রকমের টোস্ট তৈরি করা যায়,প্রতিটিই স্বাদে ভরপুর।আজ আমরা বলবো সুজি টোস্ট তৈরির পদ্ধতি,যেটি স্বাদের পাশাপাশি খেয়াল রাখবে আপনার স্বাস্থ্যেরও।আসুন দেখে নিন কিভাবে তৈরি করবেন।
উপকরণ -
৮ টি ব্রেড স্লাইস,
১\২ কাপ সুজি,
১\২ কাপ দই,
২ টি কাঁচা লংকা,কুচি করে কাটা,
১ টি ছোট পেঁয়াজ,কুচি করে কাটা,
১ টি ছোট টমেটো,কুচি করে কাটা,
১ টি ছোট ক্যাপসিকাম,কুচি করে কাটা,
২ চা চামচ ধনেপাতা কুচি,
১\২ চা চামচ চিনি,
১\২ কাপ সবুজ চাটনি,
২ টেবিল চামচ মাখন বা ঘি,
স্বাদ অনুযায়ী লবণ।
কিভাবে তৈরি করবেন -
একটি পাত্রে সুজি,দই এবং ১\২ কাপ জল দিয়ে ভালো করে মেশান।এবার এতে পেঁয়াজ,টমেটো,ক্যাপসিকাম,কাঁচা লংকা ও ধনেপাতা দিয়ে ভালো করে মেশান।এতে চিনি ও লবণ দিন। আপনি ইচ্ছে করলে এতে গ্রেট করা পনির এবং গাজরও যোগ করতে পারেন।এই মিশ্রণটি ১০ মিনিট আলাদা করে রাখুন।
ব্রেড স্লাইসগুলো নিয়ে তার উপর সবুজ চাটনি ছড়িয়ে দিন। চাইলে পাঁউরুটির কিনারাগুলো সরিয়ে নিতে পারেন, থাকলেও ক্ষতি নেই।এবার স্লাইসের উপর সুজির মিশ্রণ ছড়িয়ে দিন।
একটি প্যান গরম করে এতে মাখন বা ঘি দিন।ব্রেড স্লাইসের যে দিকে মিশ্রণটি লাগানো আছে সেদিকে নিচে রেখে ভাজুন।এবার উপরের দিকে মাখন মাখিয়ে নিন এবং নিচের অংশ ভাজা হয়ে গেলে উল্টে অন্য পাশ থেকেও ভাজুন।সব স্লাইসগুলো এভাবে ভেজে প্লেটে তুলে রাখুন।
মাঝখান থেকে কোণাকুণি কেটে দুই টুকরো করে নিন।না কাটলেও অসুবিধা নেই।পছন্দের চাটনি বা সসের সাথে পরিবেশন করুন।

No comments:
Post a Comment