হাওড়া: দামোদরের আগ্রাসী জলধারায় তলিয়ে গেল ৪ তরতাজা প্রাণ। শুক্রবার বেলা প্রায় ১২:৪৫ ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুরের সাহাচকে।
জানা গিয়েছে নিখোঁজ চারজনের নাম সুমন সাঁপুই, শুভজিৎ মন্ডল, তন্ময় দাস ও স্বর্ণেন্দু পাত্র। এও জানা গিয়েছে ওই চার যুবকের বাড়ি হাওড়ার শানপুরে। এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবী, হয়তো ওই চার যুবকের মৃত্যুর সম্ভাবনা বেশি। যদিও এখন (প্রতিবেদন লেখা পর্যন্ত) পর্যন্ত তাঁদের খোঁজ চলছে।
জানা গিয়েছে, হাওড়ার শানপুরের ওই যুবকরা কালী পূজা উপলক্ষে সাহাচকে আত্মীয়ের বাড়ি এসেছিল। আজ শুক্রবার ১১ জন যুবক সাহাচক এলাকায় নদী ঘাটে স্নান করতে এসে অতিরিক্ত মদ্যপান করে। এদের মধ্যে ৫ জন যুবক সাঁতার না জানা সত্ত্বেও জলে নেমে বালিখাদানে পড়ে তলিয়ে যায়। এলাকার স্থানীয় দুই বাসিন্দারা অক্লান্ত প্রয়াসে একটি যুবক প্রাণে বাঁচান। কিন্তু ৪ জন যুবক জলের নিচে তলিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় থানার ওসি সহ বিশাল পুলিশবাহিনী। এখনও তলিয়ে থাকা ৪ জন যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই ডুবুরি দপ্তরেও খবর পৌঁছেছে। ডুবুরি নামিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি এদিন বিকেলে নৌকায় করে জাল ফেলেও নিখোঁজ ৪ জনের খোঁজ চলছে।
ওদিকে এই ঘটনা জানাজানি হতেই হাওড়ার শানপুরে নিখোঁজ যুবকদের পরিবারে চরম উৎকন্ঠা বিরাজ করছে।অনেকেই খবর শোনার পর ঘটনাস্থলে ছুটে যান। এখন শুধু সময়ের অপেক্ষা।

No comments:
Post a Comment