এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে ২৪ ঘণ্টার মধ্যে ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেইমতোই বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত শান্তি প্রসাদ সিনহাকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এদিন রাতেই তিনি নিজাম প্যালেসে পৌঁছান।
জানা গিয়েছে, রাত তিনটে পর্যন্ত তাঁকে জেরা করা হয়। সিবিআই সূত্রে খবর, নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এদিন। কার নির্দেশে নিয়োগ করা হয়েছে,সে নিয়েও শান্তি প্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতির মামলায় এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার নাম উঠে আসে। আদালতের কাছেও এ বিষয়ে তথ্য রয়েছে, তাই বৃহস্পতিবার শুনানি চলাকালে বিচারপতি, শান্তি প্রসাদ সিনহাকে ওই দিনই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বিচারপতি তাকে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দিয়েছেন।
জানা যায়, এর আগে একাধিক জায়গায় খুঁজেও শান্তি প্রসাদ সিনহার হদিশ পায়নি তদন্তকারী অফিসারেরা। এমনকি সন্তোষপুরে প্রাক্তন এসএসসি কমিটির সদস্যের বাড়িতে গেলেও দেখা মেলেনি। এরপর তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে রাতে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। গভীর রাতে তিনি পৌঁছেও যান। যদিও জিজ্ঞাসাবাদ শেষে শান্তি প্রসাদ সিনহা এই বিষয়ে তেমন কিছু বলেননি, তিনি জানান, তাঁকে যা জিজ্ঞাসা করা হয়েছে, তিনি তাঁর উত্তর দিয়েছেন।
প্রসঙ্গত, শুক্রবার এই মামলার শুনানি রয়েছে, সিবিআইকে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে।

No comments:
Post a Comment