কোচবিহার: সেপটিক ট্যাঙ্কের সাটারিং খুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে সোমবার কোচবিহার ২ নম্বর ব্লকের পেস্টারঝার এলাকায়। মৃতদের নাম বিজয় সরকার (৩৮) ও প্রণব সরকার(৪০)।
কোচবিহার ২ নম্বর ব্লকের অন্তর্গত পেস্টারঝার এলাকায় কালিদাস দেবনাথের বাড়িতে মাটির নীচে সেপটিক ট্যাংক তৈরি করেন। সোমবার সেই ট্যাঙ্কের সাটারিং খুলতে প্রথমে সাটারিং মিস্ত্রি বিজয় সরকার ট্যাংকের ভিতরে প্রবেশ করেন। তারপর তার সাড়া শব্দ না পেয়ে তাকে উদ্ধার করতে প্রণব সরকার ট্যাংকের ভেতরে প্রবেশ করেন।
দীর্ঘক্ষণ সাটারিং মিস্ত্রিরা বাইরে না আসায় বাড়ির লোকের সন্দেহ হয় এবং এক ব্যক্তি কোমরে দড়ি বেঁধে ঐ ট্যাংকে প্রবেশ করলে তিনিও অসুস্থতা বোধ করেন। তৎক্ষণাত দড়ি টেনে তাকে ট্যাংক থেকে টেনে তোলেন অন্যান্যরা। এরপর খবর দেওয়া হয় দমকলে। দমকলের কর্মীরা এসে ২ ব্যক্তিকে উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজে এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ী থানার পুলিশ। সেপটিক ট্যাঙ্কের ঢোকার রাস্তাটি খুব সরু থাকায় এবং অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পুলিশ তদন্তের স্বার্থে দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

No comments:
Post a Comment