জলপাইগুড়ি: জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পদে দাবীদারে এগিয়ে ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলে টাউন ব্লকের সভাপতি পদে রয়েছেন। চেয়ারম্যান তো দূরের কথা, তপন বাবু পুরসভা চেয়ারম্যান ইন কাউন্সিল পদেই থাকলেন না। অভিমানে পুরসভার পূর্ণাঙ্গ পুর বোর্ডের শপথ গ্রহণের কর্মসূচি ও দলীয় কর্মসূচিতেও অংশ গ্রহণ করলেন না তিনি। জেলা তৃণমূলের দাবী, রাজ্য নেতৃত্বের নির্দেশেই চেয়ারম্যান ইন কাউন্সিল নামের তালিকা ঘোষণা করা হয়েছে।
২০১৩ সালের কংগ্রেস ছেড়ে তৃণমূলের যোগ দিয়েছিলেন তপন বন্দ্যোপাধ্যায়। তিনি পাঁচ বার নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছেন ১৫ নম্বর ওয়ার্ড থেকে। সালগুলি হল ১৯৯০-৯৫ সাল, ১৯৯৫-২০০০ সাল। এরপর ২০০৫-২০১০ সাল ও ২০১০-২০১৫ সালে দু'বার কাউন্সিলর হয়েছিলেন। এরপর মহিলা আসন হয়ে হওয়ার ২০১৫ সালে নির্বাচিত হয়েছিলেন তপন বাবুর স্ত্রী সঙ্গীতা বন্দ্যোপাধায়। ২০২২ সালে আবার নতুন করে বিপুল ভোটে জয়ী হয়ে কাউন্সিলর হল তপন বাবু৷ ২০১৩-২০১৫ সাল পর্যন্ত ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। কাজের অভিজ্ঞতা থাকা সত্যেও তাকে চেয়ারম্যান ইন কাউন্সিল পদে না রাখায় এদিন ক্ষোভ উগরে দিয়েছেন তপন বাবু।
তিনি বলেন, "এতদিন ধরে দলের হয়ে কাজ করছি। তবে চেয়ারম্যান ইন কাউন্সিল পদে না থাকায় কাজের উৎসাহ হারিয়ে গেল। সঠিক মূল্যায়ণ হল না। ষড়যন্ত্র হয়েছে। যারা পুরসভাকে নিয়ে ব্যবসা করে, সেই সব লোক লাভবান হচ্ছেন। রাজ্য থেকে এই নামের তালিকা পাঠানো হয়েছে কিনা সন্দেহ রয়েছে, কারণ দলের কোনও সিল নেই। দলের সুপ্রিমকে জানানো হবে।"
এদিকে তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ জানান, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল পদে তিনজনের নাম ঘোষণা করা হল। তপন বাবুর নাম নেই, উনি খারাপ পেয়েছেন ঠিকই, তবে ওনার সঙ্গে কথা বলব।'

No comments:
Post a Comment