মা হাতির কড়া পাহারায় দেহ উদ্ধার অসম্ভব! ড্রোন উড়িয়ে চলছে নজরদারি - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 May 2022

মা হাতির কড়া পাহারায় দেহ উদ্ধার অসম্ভব! ড্রোন উড়িয়ে চলছে নজরদারি


জলপাইগুড়ি: পেরিয়ে গিয়েছে ৭২ ঘন্টারও বেশি সময়। কিন্তু কিছুতেই হস্তি শাবকের দেহ উদ্ধার সম্ভব হচ্ছে না। কারণ  তাকে আগলে রেখেছে 'মা' সহ অন্যান্য হাতিরি। গত বৃহস্পতিবার থেকে শুরু করে এখনও পর্যন্ত মৃত সন্তানকে আগলে রেখেছে তারা। ঘটনাটি ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না চা বাগানের। শাবকটির মৃত্যুর খবর মেলে শুক্রবার সকালে আমবাড়ি চা বাগানে। তারপর থেকেই হাজার চেষ্টা করেও মা হাতির পাহারা ভেঙে তার সন্তানের দেহ উদ্ধার করতে সক্ষম হয়নি বন দফতর। এমনকি দেহ উদ্ধারে বাধা দিতে শুঁড়ে পেঁচিয়ে মৃত সন্তানের দেহ ৬ কিমি দূরে ডায়না চা বাগানে নিয়ে যায় মা হাতি।


স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত  হস্তিশাবকটিকে এক টানা ৭২ ঘন্টারও বেশি সময় ধরে একাধিক হাতি আগলে রেখেছে। যে কারণে হস্তিশাবকের দেহ উদ্ধার করতে পারেছে না বন দফতর। আর এক্ষেত্রে কোনও রকম বল প্রয়োগও করতে চাইছেন না তারা। বল প্রয়োগ করলে মারাত্মক কিছু ঘটে যেতে পারে বলেই আশঙ্কা তাদের। 


বন দফতর সূত্রে জানা গেছে, যেকোনও মুহূর্তে পচনের গন্ধ বের হতে পারে। কিন্তু তবুও সন্তানহারা হস্তি শাবকটির মা সহ পুরো হাতির পালকে জোর করে এলাকা থেকে সরানো পারতপক্ষে একদমই উচিৎ নয়। 


নাম প্রকাশে অনিচ্ছুক এক বনকর্তা বলেন, জোর করে হাতিদের সরিয়ে দিয়ে মৃত হস্তি শাবককে দেহটিকে উদ্ধার করে নিয়ে এলে ওই শাবকটির মা আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। মূলত সেই কারণেই ওই  দেহ উদ্ধারের জন্য নজরদারি ছাড়া আর কোনও উপায় নেই। ২৪ ঘন্টা চলছে নজরদারি। হাতি দলের কাছে যাওয়া সম্ভব নয়, তাই ড্রোন উড়িয়ে তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।


এই প্রসঙ্গে ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, 'এমন ঘটনা অত্যন্ত বিরল। দেরি করলে মৃত ওই শাবকের দেহে পচন ধরতে পারে। সেই কারণে পরিস্থিতি সর্বদা নজরে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।'

No comments:

Post a Comment

Post Top Ad