১৩ বছর বয়সী এক নাবালকের কান কামড়ে ছিঁড়ে নিল কুকুর। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের গুরুদাসপুর জেলায়। কুকুরের হাত থেকে কোনও ক্রমে নাবালককে উদ্ধার করে তার বাবা। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার কোটলি ভান সিং গ্রামে এ ঘটনা ঘটে। আক্রান্তর পরিবার জানায়, বাবা তার সন্তানকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। পিটবুল জাতের কুকুরটি তার মালিকের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। বাবা ও ছেলেকে দেখেই সেটি ঘেউ ঘেউ করতে থাকে। এরই মধ্যে মালিকের হাত থেকে কুকুরের পাট্টা পিছলে যায়।
সঙ্গে সঙ্গে কুকুরটি নাবালকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড় দিতে থাকে। তা মাথায় আঘাত করে এবং কান কামড়ে ছিঁড়ে দেয়। নাবালকের বাবা কুকুরটিকে কোনও ভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এদিকে ততক্ষণে মালিক কুকুরটিকে কাবু করে বাড়িতে নিয়ে যায়। আহত শিশুটিকে চিকিৎসার জন্য বটতলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসা চলছে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের কায়সারবাগ এলাকায় ১২ জুলাই একটি পোষা পিটবুল কুকুর ৮০ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে আক্রমণ করে, যার ফলে তার মর্মান্তিক মৃত্যু ঘটে।

No comments:
Post a Comment