যাত্রীবাহী ট্রেনে আগুন! চার শিশুসহ ৭ জনের মৃত্যু
প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ২৭ এপ্রিল : যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে আরোহী অনেকেই ঝলসে যায় এবং অনেকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি প্রতিবেশী দেশ পাকিস্তানের। তথ্য মতে, এই দুর্ঘটনায় চার শিশু সহ অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। আজ, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পাকিস্তানি রেলওয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। রেলওয়ে আধিকারিকরা জানিয়েছেন , দক্ষিণ পাকিস্তানের করাচি থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে খায়েরপুর জেলায় দুর্ঘটনাটি ঘটে। যাত্রী ভর্তি এই ট্রেনটি পূর্বাঞ্চলীয় শহর লাহোরের দিকে যাচ্ছিল।
যাত্রীবাহী ট্রেনে আগুন শীঘ্রই ট্রেনের অন্যান্য বগিকে গ্রাস করে। একটি টিভি চ্যানেলের ফুটেজে ট্রেনের বেশ কিছু পোড়া অংশ দৃশ্যমান। এতে কী পরিমাণ জানমালের ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বুধবার (২৬ এপ্রিল) রাতে ট্রেনটিতে আগুন ধরে যায় এবং বহু মানুষ তার নিচে পড়ে যায়।
গ্যাসের চুলা থেকে এ দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের দরিদ্র যাত্রীরা প্রায়ই রান্নার জন্য ট্রেনে তাদের নিজস্ব ছোট গ্যাসের চুলা নিয়ে আসে। ভিড়ের ট্রেনগুলিতে প্রায়শই সুরক্ষা নিয়মগুলি এভাবেই উপেক্ষা করা হয়।
অবসর প্রাপ্ত রেলওয়ে আধিকারিকরা বলছেন, দেশে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে দুর্বল অবকাঠামো এবং ব্যবস্থাপনার অবহেলার কারণে। ২০১৯ সালে, পূর্ব পাঞ্জাব প্রদেশে রান্নার গ্যাসের চুলা বিস্ফোরণের কারণে একটি ট্রেনে আগুন ধরে যায়। এর মধ্যে অন্তত ৭৪ জন যাত্রী নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।

No comments:
Post a Comment