দুর্দান্ত স্বাদে ভরা ব্রেড পিজ্জা পকেট
সুমিতা সান্যাল, ৩০ জুলাই: ছুটির সকালে প্রাতঃরাশের জন্য তৈরি করে নিতে পারেন সুস্বাদু ব্রেড পিজ্জা পকেট। পরিবারের সকলেই দারুণ উপভোগ করবে এই দুর্দান্ত খাবারটি। তৈরির প্রক্রিয়া জেনে নেওয়া যাক।
উপাদান -
৬ স্লাইস পাঁউরুটি,
১ টি মাঝারি আকারের ক্যাপসিকাম কুচি করে কাটা,
১ টি ছোট গাজর জুলিয়ান কাটা,
১ টেবিল চামচ তেল,
১\২ চা চামচ চিলি ফ্লেক্স,
২ টি চিজ কিউব গ্রেট করা,
১ টি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে কাটা,
৩ টেবিল চামচ সুইট কর্ন,
৩ টেবিল চামচ পিজ্জা সস,
১\২ চা চামচ জোয়ান,
৪ কোয়া রসুন কুচি করা,
৪ টেবিল চামচ তেল,
স্বাদ অনুযায়ী লবণ।
তৈরির প্রক্রিয়া -
একটি প্যানে তেল গরম করে রসুন এবং পেঁয়াজ যোগ করে ১ মিনিট ভেজে গাজর, ক্যাপসিকাম এবং কর্ন দিয়ে ২-৩ মিনিট ভাজুন। এবার স্বাদ অনুযায়ী লবণ, জোয়ান ও চিলি ফ্লেক্স দিয়ে ১ মিনিট ভাজুন। সবশেষে পিজ্জা সস ও চিজ যোগ করে ১ মিনিট ভাজুন এবং গ্যাস বন্ধ করুন। ফিলিং-এর মিশ্রণ প্রস্তুত।
একটি পাঁউরুটির স্লাইস নিয়ে প্রান্তগুলি কেটে নিন। রুটি সমতল করতে একটি বেলন ব্যবহার করুন। এবার পাঁউরুটিতে ১-২ টেবিল চামচ ফিলিং দিয়ে একটু ছড়িয়ে দিন। রুটির চারপাশে কয়েক ফোঁটা জল লাগান এবং রুটিটি অর্ধেক ভাঁজ করুন। প্রান্তগুলি সিল করার জন্য সব দিক দিয়ে চাপ দিন। জল প্রয়োগ পকেট ঠিকমতো সিল করতে সাহায্য করবে।
অবশিষ্ট পাঁউরুটির স্লাইস এবং ফিলিং থেকে এই ভাবেই বাকিগুলোও তৈরি করুন।
একটি নন-স্টিক প্যানে তেল গরম করে প্যানে কিছু পকেট রাখুন এবং দুই দিক থেকে সোনালি-বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। বাকিগুলোও এভাবে ভেজে নিন। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন পছন্দের সসের সাথে।

No comments:
Post a Comment