সুস্বাদু ও পুষ্টিকর কাঁকরোল ফ্রাই
সুমিতা সান্যাল, ২৮ আগস্ট: কাঁকরোল খুবই পরিচিত একটি সবজি। এটি ছোট ও বড়ো- দুই আকারেই পাওয়া যায়। দেশী কাঁকরোল আকারে ছোট যা খেতে বেশি সুস্বাদু। আজ আমরা আপনাদের বলবো কাঁকরোল ফ্রাই বানানোর পদ্ধতি যা আপনি ভাত, ডাল, রুটি বা চাপাটির সাথে পরিবেশন করতে পারেন।
উপাদান -
কাঁকরোল ৫ টি,
পেঁয়াজ ১ টি,লম্বা টুকরো করে কাটা,
কাঁচা লংকা ২ টি,কুচি করে কাটা,
রসুন ৪ টি কোয়া,কুচিয়ে কাটা,
আদা ১ টি ছোট টুকরো,কুচানো,
জিরা ১\২ চা চামচ,
হিং ১ চিমটি,
হলুদ গুঁড়ো ৩\৪ চা চামচ,
ধনে গুঁড়ো ১ চা চামচ,
মৌরি গুঁড়ো ১\২ চা চামচ,
লাল লংকার গুঁড়ো ১\২ চা চামচ,
শুকনো আমচুর গুঁড়ো ৩\৪ চা চামচ,
লবণ স্বাদ অনুযায়ী,
তেল ৩ চা চামচ ।
প্রক্রিয়া -
কাঁকরোল পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে গোল বা লম্বা টুকরো করে কেটে নিন।
একটি প্যানে তেল দিয়ে গ্যাসে গরম হতে রাখুন। তেল ভালো করে গরম হয়ে গেলে হিং ও জিরা দিয়ে হালকা ভেজে নিন। জিরা ভাজার পর তাতে পেঁয়াজ, আদা, কাঁচা লংকা ও রসুন দিয়ে নাড়তে থাকুন এবং সোনালি-বাদামী হওয়া পর্যন্ত ভাজুন।
পেঁয়াজ ভাজার পর হলুদ গুঁড়ো দিয়ে হালকা ভেজে নিন। এই ভাজা মশলায় কাঁকরোল ও লবণ দিন, মাঝারি আঁচে ঢেকে ৩-৪ মিনিট রান্না করে ঢাকনা খুলে নেড়ে সবজিটি পরীক্ষা করুন এবং সামান্য জল যোগ করে, সবজিটিকে আবার ঢেকে দিন এবং প্রায় ৫ মিনিটের জন্য কম আঁচে রান্না করুন।
৫ মিনিট পর ঢাকনাটি সরিয়ে একটু নেড়েচেড়ে ২ মিনিটের জন্য উচ্চ আঁচে সবজিটি রান্না করুন। এবার গ্যাস বন্ধ করে প্রস্তুত করা সবজিতে আমচুর গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লংকার গুঁড়ো এবং মৌরি গুঁড়ো দিয়ে মেশান। সুস্বাদু এবং পুষ্টিকর কাঁকরোল ফ্রাই খাওয়ার জন্য প্রস্তুত।

No comments:
Post a Comment