প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথোপকথন পুতিনের! জি-২০ সম্মেলন নিয়ে আলোচনা
প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ২৮ আগস্ট: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথোপকথন করেছেন। এই সময় রুশ প্রেসিডেন্ট জি-২০ সম্মেলন নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে। ব্রিকস সম্প্রসারণ সহ দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক ব্রিকস শীর্ষ সম্মেলনে উপনীত চুক্তিগুলোর গুরুত্ব নিয়েও আলোচনা করেন দুই নেতা।
পিএমও জানিয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করেছেন। দুই নেতা বড় আকারের জ্বালানি প্রকল্প বাস্তবায়ন, লজিস্টিক অবকাঠামো সম্প্রসারণ করতে চান। এছাড়াও দুই দেশের মধ্যে মহাকাশ সহযোগিতা বিকাশের অভিপ্রায় নিশ্চিত করেছেন।
পিএমও জানিয়েছে যে, রাষ্ট্রপতি পুতিন ৯-১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে নয়াদিল্লীতে জি-২০ সম্মেলনে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন যে, রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার সিদ্ধান্তের সাথে একমত হয়ে, প্রধানমন্ত্রী মোদী ভারতের জি-২০ সভাপতিত্বের অধীনে সমস্ত উদ্যোগে রাশিয়ার ধারাবাহিক সমর্থনের জন্য রাষ্ট্রপতি পুতিনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, আগে রুশ রাষ্ট্রপতির মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন যে, রুশ প্রেসিডেন্ট পুতিন জি-২০ সম্মেলনে অংশ নিতে ব্যক্তিগতভাবে নয়াদিল্লী যাবেন না। এর আগে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনেও যাননি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যোগ দেন তিনি। তাঁর জায়গায় দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।


No comments:
Post a Comment