দুর্দান্ত স্বাদে ভরা বেনারসি টমেটো চাট
সুমিতা সান্যাল, ১ আগস্ট: চাট একটি সুস্বাদু ও লোভনীয় স্ন্যাক্স এবং সকলের পছন্দের। বেনারসি টমেটো চাট খেয়েছেন কি কখনও? আজ তৈরির পদ্ধতি বলছি, যদি কখনও না খেয়ে থাকেন, চটপট তৈরি করে খেয়ে দেখুন।
উপাদান -
৬ টি টমেটো,
৪ টি সেদ্ধ আলু,
১ চা চামচ ধনে গুঁড়ো,
১ চা চামচ জিরা গুঁড়ো,
১ চা চামচ তেঁতুলের পেস্ট,
৩ টেবিল চামচ ঘি,
২ চা চামচ পোস্ত,
২ চা চামচ গ্রেট করা আদা,
১০ টি কাজুবাদাম কুচি করে কাটা,
৩ টি কাঁচা লংকা কুচি করে কাটা,
২ চা চামচ চাট মশলা,
১ চা চামচ গরম মশলা গুঁড়ো,
১ চা চামচ হলুদ গুঁড়ো,
১ চা চামচ লাল লংকার গুঁড়ো,
৪ টেবিল চামচ চিনি,
১ টি পেঁয়াজ কুচি করে কাটা,
১\২ কাপ ধনেপাতা কুচি,
১ চা চামচ কালো লবণ,
স্বাদ অনুযায়ী সাধারণ লবণ ।
বানানোর প্রক্রিয়া -
টমেটো ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।
একটি প্যানে ২ টেবিল চামচ ঘি গরম করুন। এতে আদা, কাঁচা লংকা, পোস্ত এবং কাজুবাদাম যোগ করে এটি প্রায় ২ মিনিটের জন্য ভাজুন। এরপর এতে হলুদ গুঁড়ো, লাল লংকার গুঁড়ো ও সামান্য জিরা গুঁড়ো দিয়ে মিশিয়ে টমেটো ও লবণ যোগ করুন এবং ঢেকে রান্না করুন।
টমেটো নরম হতে শুরু করলে তাতে ১ কাপ জল দিন।তারপর এটি রান্না করুন যতক্ষণ না জল এবং টমেটো মিশে যায়। এবার সেদ্ধ আলুগুলো ম্যাশ করে এতে দিন এবং টমেটো ও আলু ভালো করে মেশান। এরপর এতে গরম মশলা গুঁড়ো, চাট মশলা, জিরা গুঁড়ো, কালো-সাদা লবণ এবং তেঁতুলের পেস্ট দিন এবং মেশান।
একটি পাত্রে ৩ কাপ জল ও চিনি দিয়ে সিরাপ তৈরি করুন।সিরাপ তৈরি হয়ে গেলে তাতে ১\২ চা চামচ জিরার গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। একটি পাত্রে গরম টমেটো চাট রেখে উপরে ঘি ও চিনির সিরাপ ঢেলে দিন।
এটিকে পেঁয়াজ, ধনেপাতা এবং নোনতা সেও দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment