বেহুলা সেতুর পিলারে ফাটল! চরম আতঙ্ক - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 September 2023

বেহুলা সেতুর পিলারে ফাটল! চরম আতঙ্ক


বেহুলা সেতুর পিলারে ফাটল! চরম আতঙ্ক 



নিজস্ব সংবাদদাতা, মালদা, ২০ সেপ্টেম্বর: মালদা থেকে উত্তরবঙ্গ যাওয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর গুরুত্বপূর্ণ বেহুলা সেতুর পিলারে ফাটল। ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সেতুর সংস্কার না হওয়ার কারণেই এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কাও করছেন বিভিন্ন যানবাহন চালক সংগঠন এবং পুরাতন মালদা ব্লকের বেহুলা গ্রামের বাসিন্দারা। 


এমন উদ্বেগজনক পরিস্থিতিতে দ্রুত এনএইচআইএ (ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া) কর্তৃপক্ষকে বেহুলা সেতু সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবীও জানিয়েছেন বিভিন্ন যানবাহন সংগঠন এবং স্থানীয় গ্রামবাসীরা। তবে, এই ব্যাপারে এনএইচআইএ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বলেই দাবী। 


উল্লেখ্য, পুরাতন মালদার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কে অবস্থিত বেহুলা সেতুটি। প্রায় ৮০ মিটার লম্বা এই সেতুটি বহু পুরনো। এখান দিয়েই বয়ে গিয়েছে মহানন্দার শাখা নদী হিসাবে পরিচিত বেহুলা নদী। প্রতিদিনই এই সেতু দিয়ে কয়েক হাজার যানবাহন চলাচল করে। পণ্যবাহী লরি থেকে সরকারি-বেসরকারি বাস সহ আরও বিভিন্ন ধরণের যানবাহনের চাপে এই বেহুলা সেতুটির ধীরে ধীরে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ফলে মালদার গুরুত্বপূর্ণ এই সেতুটি সংস্কারের প্রয়োজন নিয়ে সরব হয়েছেন অনেকেই।


পুরাতন মালদার অধিকাংশ বাসিন্দাদের বক্তব্য, মান্ধাত্যার আমলে তৈরি হওয়া এই বেহুলা সেতুটির সংস্কারের প্রয়োজন রয়েছে। এই সেতুর পিলারের তিনটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যে এনএইচআইএ কর্তৃপক্ষকে অনেকেই বিষয়টি জানিয়েছে। কিন্তু কোনওভাবেই তারা গুরুত্ব দিতে চাইছে না বলে অভিযোগ।

No comments:

Post a Comment

Post Top Ad