ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু! বাড়ি ফিরল যুবকের কফিনবন্দি দেহ
নিজস্ব সংবাদদাতা, মালদা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে কাজ মিলছে না। তার ওপরে ১০০ দিনের কাজও নেই। সংসারের হাল ধরতে বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন এই রাজ্যের বেকার যুবকরা। ঠিক একই ভাবে বাড়ির সদস্যদের মুখে দু'বেলা দুমুঠো অন্ন তুলে দিতে ভিন রাজ্যে বাড়ি দিয়েছিলেন মালদার ইতেকাপ শেখ। কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁর। গ্ৰামে ফিরল তাঁর কফিন বন্দি দেহ। মৃত যুবকের দেহ দেখতে উপচে পড়ে ভিড়। গোটা গ্রাম জুড়ে কান্নার রোল।
জানা যায়, মালদার ইংলিশবাজার ব্লকের ফুলবাড়িয়া অঞ্চলের নতুন নঘরিয়া এলাকার বাসিন্দা ছিলেন ইতেকাপ শেখ। নাবালক ভাই, প্রতিবন্ধী বাবা এবং অসুস্থ মার মুখে হাসি ফোটাতে এবং দুই বেলা দুমুঠো অন্ন তুলে দিতে এক মাস আগে টাওয়ারের কাজের জন্য গুজরাটের সুরাটে পাড়ি দিয়েছিলেন ওই যুবক। কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁর। গত শনিবার টাওয়ার থেকে নিচে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় ইতেকোপের। বুধবার তাঁর কফিন বন্দী দেহ গ্রামে ফিরতেই গোটা গ্রাম জুড়ে কান্নার রোল। স্থানীয়
বাসিন্দাদের কথায়, 'আগে ১০০ দিনের কাজ থাকায় আমরা বাড়ির কাছেই কাজ পেতাম। কিন্তু এখন ১০০ দিনের কাজ বন্ধ। ফলে বাধ্য হয়ে গ্রামের পুরুষরা পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। আর এই ধরণের ঘটনা ঘটছে।'
এই বিষয়ে ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিদুল শেখ বলেন, 'বিষয়টি খুব দুঃখজনক। আমরা মৃত যুবকের পাশে রয়েছি। ভিন রাজ্যে কাজে গিয়ে মারা গেলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে সেই টাকা পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।' এর পাশাপাশি আগামীতে রাজ্য সরকার এবং স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত ধরণের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান জাহিদুল শেখ।

No comments:
Post a Comment