অবিরাম বৃষ্টির জের, মাথায় হাত মৃৎশিল্পীদের
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ সেপ্টেম্বর: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতেও দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
জলপাইগুড়ি জেলায় প্রায় শতাধিক ঐতিহ্যবাহী বড় বড় ক্লাব রয়েছে যা দুর্গা পূজায় শুধু জেলা নয়, গোটা উত্তরবঙ্গকে বিরাট চমক দিয়ে থাকেন বিভিন্ন থিম থেকে শুরু করে রকমারি প্রতিমা তৈরি করে। গোটা জেলায় একাধিক মৃৎশিল্পীও রয়েছেন, কিন্তু তাদের স্থায়ী কোনও কুমোরটুলি নেই। নিজেদের বাড়িতেই অস্থায়ী কুমোরটুলি এবং সেখানেই তারা মূর্তি গড়ার কাজ করে থাকেন।
গত দু'বছর করোনার দাপট কাটিয়ে এবার তাদের মুখে কিছুটা হাসি ফিরেছে কেননা তারা বলছেন এবারে প্রতিমার চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। কিন্তু সেই হাসিই কোথাও গিয়ে যেন ম্লান হয়ে এসেছে। আর এর কারণ অসুর রুপি অবিরাম বৃষ্টি।
ডুয়ার্স সহ ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে একদিকে যেমন জনজীবন বিপর্যস্ত, সেইভাবে এইসকল মৃৎশিল্পীদের সমস্যাও চরমে উঠেছে। অবিরাম বৃষ্টির জেরে শুকাচ্ছে না প্রতিমা। সেগুলো থেকে যাচ্ছে কাঁচাই। অবিরাম বৃষ্টির জেরে জেলা জুড়ে বৈদ্যুতিক সমস্যা দেখা দিচ্ছে, যার ফলে ইলেকট্রিক মেশিন দিয়েও শুকানোর ব্যবস্থা নেই।
কয়েকদিন ধরে চলা লাগাতার বৃষ্টির জেরে পালেদের পাড়াতে জল জমে রয়েছে। সংকীর্ণ স্থানের মধ্যেই প্রতিমা গড়ার কাজ করতে হচ্ছে তাদের। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে এই বৃষ্টি না কমলে এবারের দুর্গা পূজায় সমস্যার শেষ থাকবে না মৃৎশিল্পীদের।

No comments:
Post a Comment