দত্ত-বাড়ির ঐতিহ্যবাহি দুর্গা পুজো! এখানকার পুজোয় রয়েছে বিশেষ রীতি
নিজস্ব সংবাদদাতা: একসময় জমিদারি ছিল, ছিল অঢেল সম্পদও। এখন জমিও নেই, জমিদারিও নেই। কিন্তু বজায় রয়েছে অতীতের ঐতিহ্য। আর সেই পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির দত্ত পরিবার। তলোয়ার নিয়ে ঘটোত্তলন ও বিসর্জন, পুরানো নিয়মেই আজও হয় আতস কাঁচের আগুন নিয়ে কেশিয়াড়ির দত্ত-বাড়ির দুর্গা পুজার হোম।
কেশিয়াড়ির আমতলা বাস স্ট্যান্ডে নেমে পূর্বদিকে ৪০০মিটার পথ অতিক্রম করলেই দত্ত পারিবারের ঐতিহ্যপূর্ন বাড়ি। কয়েকবছর আগেও ছিল চুন-সুড়কি আর ঝামা ইটের প্রাচীরে ঘেরা। কালের স্রোতে এখন সেটি পরিণত হয়েছে পাকা বাড়িতে। বিগত ২০০ বছরের বেশি সময় ধরে দত্ত পরিবারে পটের দুর্গা পুজো হয়ে আসছে। আজও মাটির প্রতিমা নয়, পুজিতা হন পটের প্রতিমা।
তবে, অতীতের রীতিতে ছেদ পড়েনি। রীতি মেনে এখনও সপ্তমীতে জমিদারির ঐতিহ্যের প্রতীক তলোয়ার নিয়ে ঘটোত্তলনে যান দত্ত পরিবারের বর্তমান উত্তরসূরিরা। ঘট বিসর্জনেও বজায় থাকে একই রীতি-আচার। পুরানো নিয়মে আজও আতস কাঁচের আগুন নিয়ে হোম অনুষ্ঠিত হয় বলে জানান বর্তমান উত্তরসূরিদদের অন্যতম সদস্যরা। এবারেও পুজোর তোড়জোড় চলছে দত্তবাড়িতে।
প্রসঙ্গত, হাতে গোনা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরেই স্বপরিবারে বাপের বাড়ি আসবেন মা উমা। ঘরের মেয়ে আসছেন, তাই তাঁর আদর, আপ্যায়নে যেন কোনও রকম খামতি না থাকে, সেই আয়োজনে ব্যস্ত সবাই। পুজোর এই কয়েকটা দিন; সপ্তমী থেকে দশমী আনন্দে মেতে ওঠেন সকলেই। যদিও বিদায় বেলায় কেঁদে ওঠে প্রাণ। মাকে বিদায় দেওয়ার পালা, এই সময় চোখ ছলছল করে উঠবে এটাই স্বাভাবিক। আবার এক বছরের অপেক্ষা!

No comments:
Post a Comment