আমেরিকায় পাড়ি দিচ্ছে প্রত্যন্ত গ্ৰামের দুর্গা, শ্যাম্পু দিয়ে ধোয়া যাবে চুল - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 September 2023

আমেরিকায় পাড়ি দিচ্ছে প্রত্যন্ত গ্ৰামের দুর্গা, শ্যাম্পু দিয়ে ধোয়া যাবে চুল

 


আমেরিকায় পাড়ি দিচ্ছে প্রত্যন্ত গ্ৰামের দুর্গা, শ্যাম্পু দিয়ে ধোয়া যাবে চুল



নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ২০ সেপ্টেম্বর: মা আসছেন, হাতে গোনা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দিকে দিকে। এদেশের পাশাপাশি বিদেশেও হয় দেবী দুর্গার আরাধনা। সেখানকার প্রবাসীরা দুর্গা পূজার আনন্দে মেতে ওঠেন। আর এবারে পূর্ব বর্ধমান জেলার জাহান্নগর পঞ্চায়েতের অন্তর্গত মাগনপুর এলাকার প্রত্যন্ত গ্রামের শিল্পীর শিল্প নৈপূন্যের ছোঁয়ায় কাঠ ও ফাইবার দিয়ে তৈরি দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে সুদূর আমেরিকায়। 


আমেরিকার লইশিয়ানা রাজ্যের ইলিনুইজ স্ট্রিটে, প্রবাসী বাঙালি অনিমেষ রায়ের পারিবারিক পুজো উপলক্ষে বুধবারই পাড়ি দেবে এই দুর্গা প্রতিমা। মাগনপুর এলাকার বাসিন্দা তাপস দে'র বন্ধু স্বরুপগঞ্জের বাসিন্দা অনিমেষ রায় তার পরিবারসহ আমেরিকায় বসবাস করেন। গত দুমাস আগে অনিমেষ বাবু তার বাড়িতে দুর্গা পুজো করবেন এই মনস্থির করেন এবং তাপস বাবুকে এই এলাকা থেকে একটি ঠাকুর পাঠানোর জন্য বলেন। আর তখনই তাপস বাবুর মাধ্যমে মাগনপুরের বছর ২৪ এর শিল্পী শঙ্কু দেবনাথের সাথে যোগাযোগ হয়। এর পরই, ঠাকুর তৈরি করতে শুরু করেন শঙ্কু। ফাইবারের এই প্রতিমার উচ্চতা ৩ বাই ৪ ফুট।


ইতিমধ্যেই কাজ প্রায় শেষ ওই শিল্পীর। ছোটবেলা থেকেই মডেল তৈরির ওপর ঝোঁক ছিল শঙ্কুর। সেই মতন উচ্চমাধ্যমিক পড়া শেষ করার পরই কৃষ্ণনগরের বিখ্যাত ঘূর্ণির শিল্পীদের কাছ থেকে প্রশিক্ষণ নেন তিনি। এর আগেও বিভিন্ন মনীষীদের মূর্তি বানিয়েছেন শঙ্কু, আর এবারে সুদূর আমেরিকা থেকে দুর্গা প্রতিমা তৈরীর বরাত পাওয়ায় উচ্ছ্বসিত তিনি এবং তার পরিবারের লোকেরা। 


তিনি জানান, দিনে সাত থেকে আট ঘন্টা পরিশ্রম করে মূর্তি তৈরির কাজ করছেন। তাঁর সঙ্গ দিচ্ছেন তাঁর বাবা মদন দেবনাথ এবং একজন অন্য সহায়ক। শঙ্কুর কথায়, দুর্গা প্রতিমার মাথায় যে চুল লাগানো হবে, সেটি শ্যাম্পু দিয়ে ধোয়া পর্যন্ত যাবে। এছাড়াও বিভিন্ন মেটাল দিয়ে প্রস্তুত হচ্ছে প্রতিমার অলংকার ও অস্ত্রসস্ত্র। প্রত্যন্ত গ্রামের যুবক শঙ্কুর দেবী প্রতিমা আমেরিকায় পাড়ি দেওয়ায় খুশি শিল্পী ও তাঁর পরিবার সহ গোটা গ্রাম।

No comments:

Post a Comment

Post Top Ad