'এমন সাহসী ছেলের জন্য গর্ব হয়', মুরসালিম-এর বাড়িতে গিয়ে বললেন রাজ্যের মন্ত্রী - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 24 September 2023

'এমন সাহসী ছেলের জন্য গর্ব হয়', মুরসালিম-এর বাড়িতে গিয়ে বললেন রাজ্যের মন্ত্রী

 


'এমন সাহসী ছেলের জন্য গর্ব হয়', মুরসালিম-এর বাড়িতে গিয়ে বললেন রাজ্যের মন্ত্রী 



নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৪ সেপ্টেম্বর: আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে রাতারাতি নায়ক হয়ে উঠেছে পরিযায়ী শ্রমিকের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র মুরসালিম। কয়েকশো যাত্রীর প্রাণ বাঁচিয়েছে সে। আর শনিবার সকাল থেকেই আশেপাশের বেশ কয়েকটি গ্রামের লোক তার কোরিয়ালী এলাকার ঝাঙ্গর পাড়ার বাড়ির উঠোনে ভিড় জমান মুরসালিমকে দেখতে। সবাই তার কাজের প্রশংসা করছেন। 


শুক্রবার গ্রামের ১০ জনের সঙ্গে মুরসালিম গিয়েছিলেন ভালুকা রোড স্টেশন থেকে কিছুটা দূরে, সেখানেই সে দেখে রেল লাইনের পাটাতনের নিচে বৃষ্টির জলে ধ্বস নেমে বড়সড় গর্ত তৈরি হয়েছে। চিৎকার করে দলের অন্যদের ডাকেন। এরমধ্যেই দেখা যায় ওই লাইন ধরেই ছুটে আসছে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দলের মধ্যে একমাত্র মুরসালিমের গায়ে লাল গেঞ্জি ছিল। দেরি না করে মুরসালিম পরনের লাল গেঞ্জি খুলেই ট্রেনের দিকে দৌড় দেয়। ট্রেন চালকের নজরে আসায় দাঁড়িয়ে যায় আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রক্ষা পায় বহু যাত্রী। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রাতারাতি নায়ক হয়ে যায় মুরসালিম।

    

শনিবার বিকেলে এই সাহসী ছাত্রকেকে সম্বর্ধনা দিতে ছুটে আসেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজমুল হোসেন। তিনি মুরসালিম সহ দলের আরও প্রত্যেকের গলায় মালা পরিয়ে সম্বর্ধনা জানান। মুরসালিমের আগামীতে পড়ালেখার দায়িত্ব চেয়ে নেন তিনি। সরকার থেকে যাতে সে সাহায্য পায়, সেই ব্যবস্থার জন্য আশ্বাসও দেন মন্ত্রী তাজমুল হোসেন। তিনি বলেন, 'এমন সাহসী ছেলের জন্য গর্ব হয়।'


এর পাশাপাশি এদিন মুরসালিমের উঠোনে দাঁড়িয়ে মন্ত্রী রেল দফতরকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, রেলের গাফিলতির জন্যই আজকে আবার একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে বহু মানুষের প্রাণ যেতে পারত। আজ এই ছোট্ট ছেলেটির জন্য বহু মানুষের প্রাণ রক্ষা পেল। রাজ্য সরকারের তরফ থেকে আমরা ওর পাশে সবসময় আছি।'

No comments:

Post a Comment

Post Top Ad