পুজোয় মিষ্টিমুখে অতিথি আপ্যায়ন
সুমিতা সান্যাল, ২৪ সেপ্টেম্বর: পুজোর সময় বাড়িতে অতিথি এলে তাদের আপ্যায়নের জন্য মিষ্টিমুখ করানো আমাদের রীতি। আপনি এর জন্য তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদে ভরা কিছু মিষ্টি খাবার। তৈরির পদ্ধতি দেখে নিন।
মালাই মালপোয়া ::
উপাদান -
চিনি ২ কাপ,
গুলাব জামুন রেডিমিক্স ১ কাপ,
পেস্তা ১০ টি,
এলাচ গুঁড়ো ১\২ চা চামচ,
জাফরান ১৫ টি,
ঘি, ভাজার জন্য প্রয়োজন মতো।
পদ্ধতি -
একটি পাত্রে চিনি এবং ২ কাপ জল দিয়ে গ্যাসে বসিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত মাঝে মাঝে নাড়তে থাকুন।
অপর একটি পাত্রে গুলাব জামুন রেডিমিক্স নিন এবং অল্প অল্প করে জল যোগ করে একটি মসৃণ ব্যাটার তৈরি করুন। ব্যাটার তৈরি করার সময় খেয়াল রাখবেন যেন বেশি পাতলা না হয়।
চিনি সম্পূর্ণ গলে যাওয়ার পর জলে জাফরান ও এলাচ গুঁড়ো দিয়ে ৪ মিনিট রান্না করে সিরাপটি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হতে রাখুন।
একটি প্যানে ঘি দিয়ে ভাজার জন্য গরম করুন। ঘি গরম হয়ে যাওয়ার পর বড় চামচ দিয়ে ঘিতে ব্যাটার দিয়ে অল্প আঁচে ভাজুন।
এর উপর ঘি ঢেলে রান্না করুন। একপাশ সোনালি-বাদামী হলে এটি উল্টে দিন এবং অন্য দিকেও ভাজুন। উভয় দিক সোনালি বাদামী হয়ে গেলে, প্যান থেকে বের করে একটি প্লেটে রাখুন এবং একইভাবে বাকি মালপোয়াগুলোও ভাজুন।
সবগুলো ভাজা হয়ে গেলে চিনির সিরাপে দিয়ে ৪ মিনিট ভিজিয়ে রাখুন। সিরাপ থেকে বের করে সাজানোর জন্য কিছু পেস্তা যোগ করুন। মালাই মালপোয়া তৈরি।।
গাজরের বরফি ::
উপাদান -
১\২ কেজি গাজর,
১\২ লিটার দুধ,
১\২ কাপ চিনি (ঐচ্ছিক),
১\২ কাপ কনডেন্সড মিল্ক,
২ টেবিল চামচ গুঁড়ো দুধ,
১ কাপ ঘি,
১ চা চামচ এলাচ গুঁড়ো,
৩ টেবিল চামচ কুচি করে কাটা বাদাম,
১ চিমটি জাফরান,
লাল ফুড কালার (ঐচ্ছিক)।
পদ্ধতি -
গাজর ছোট ছোট টুকরো করে কেটে অল্প দুধ মিশিয়ে মিক্সারে দিয়ে একটু ঘন পেস্ট তৈরি করুন।
একটি প্যানে ২ টেবিল চামচ ঘি গরম করে তাতে গাজরের পেস্ট দিয়ে রান্না করুন। যতক্ষণ না মিশ্রণটি শুকিয়ে যায় এবং গাজরের গন্ধ চলে যায় ততক্ষণ রান্না করুন।
এতে বাকি দুধ যোগ করুন এবং সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন। কনডেন্সড মিল্কের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে সেদ্ধ করা গাজরে যোগ করুন। যদি একটু মিষ্টি স্বাদ চান তাহলে সামান্য চিনি দিন। ফুড কালার দিতে চাইলে সেটাও যোগ করুন।
এবার অল্প অল্প করে ঘি দিন এবং পেস্টটি ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। কিছুক্ষণ পর এটি এতো ঘন হয়ে যাবে যে প্যান ছেড়ে যেতে শুরু করবে।
আলাদা প্যানে ঘি গরম করে বাদাম ভেজে বরফির জন্য তৈরি মিশ্রণের ওপর ঢেলে ভাল করে মেশান। এটি একটি গ্রিস করা ট্রে-তে ঢেলে ৪ থেকে ৫ ঘন্টা ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে বরফির আকারে কেটে নিন।।

No comments:
Post a Comment