বেসমেন্টের জলে ডুবে ৩ পড়ুয়ার মৃত্যু! গ্ৰেফতার কোচিং সেন্টারের মালিক সহ ২
প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ২৮ জুলাই: দিল্লীর ওল্ড রাজেন্দ্র নগরে আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টের জমা জলে কারণে তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। এ কারণে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এই ঘটনায় দিল্লীর কেজরিওয়াল সরকারকে কোণঠাসা করছে বিজেপি। অপরদিকে পুলিশ এ ব্যাপারে বড় ধরনের ব্যবস্থা নিয়েছে। কোচিং সেন্টারের মালিক ও সমন্বয়কারীকে প্রথমে আটক ও পরে গ্ৰেফতার করা হয়েছে। পুলিশ বিএনএস- এর একাধিক ধারায় মামলা দায়ের করেছে।
দুর্ঘটনায় প্রাণ হারানো পড়ুয়াদের পরিচয়ও পাওয়া গেছে। মৃত ছাত্রী শ্রেয়া যাদব উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের বাসিন্দা। তানিয়া সোনি তেলেঙ্গানার বাসিন্দা এবং মৃত ছাত্র নেভিন ডেলভিন কেরালার এর্নাকুলামের বাসিন্দা। মৃত ছাত্রী শ্রেয়া যাদবের আত্মীয় ধর্মেন্দ্র যাদবের কথায়, আমার দাবী, 'কোচিং ইনস্টিটিউটের মালিকের বিরুদ্ধে অপরাধমূলক হত্যার মামলা দায়ের করা উচিৎ।'
ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধনও দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, 'গতকাল সন্ধ্যায় খবর পাওয়া গেছে যে একটি বেসমেন্টে জলাবদ্ধতার কারণে কিছু লোক আটকা পড়েছে, একটি উদ্ধার অভিযান শুরু হয়, যাতে দিল্লী পুলিশ এবং দিল্লী ফায়ার সার্ভিসের পাশাপাশি এনডিআরএফও জড়িত ছিল। অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর বেসমেন্ট থেকে ৩টি দেহ উদ্ধার করা হয়। তাদের তিনজনের পরিচয় পাওয়া গেছে এবং তাদের পরিবারকে জানানো হয়েছে।'
তিনি জানান, শ্রেয়া যাদব ইউপির আম্বেদকর নগর জেলার বাসিন্দা, তানিয়া সোনির স্থায়ী ঠিকানা তেলেঙ্গানা এবং নভিন ডালভিন কেরালার এর্নাকুলামের বাসিন্দা। বিএনএসের ১০৫, ১০৬ (১), ১১৫ (২), ২৯০ এবং ৩৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, 'এই মামলাটি কোচিং ইনস্টিটিউট ও ভবনের ব্যবস্থাপনা এবং ওই স্থানে ড্রেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে। এখন পর্যন্ত আমরা ওই কোচিং সেন্টারের মালিক ও সমন্বয়কারীকে হেফাজতে নিয়েছি। পরবর্তী তদন্ত চলছে। যারা এ ঘটনায় দোষী সাব্যস্ত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

No comments:
Post a Comment